২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদনহীন বোতলবদ্ধ পানি উৎপাদনে ব্যবসায়ীর ৬০ হাজার টাকা জরিমানা

বিএসটিআই এর অনুমতি ছাড়া বেআইনিভাবে সুপেয় পানি উৎপাদন, বিক্রি ও বিতরণের অভিযোগ আদালতে হাজির হয়ে স্বীকার করলেন এক ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 12:59 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএসটিআই এর অনুমতি ছাড়া বেআইনিভাবে সুপেয় পানি উৎপাদন, বিক্রি ও বিতরণের অভিযোগ আদালতে হাজির হয়ে স্বীকার করলেন এক ব্যবসায়ী। বুধবার তেজগাঁওয়ের স্টেশন রোডের তাজ ফুড অ্যান্ড বেভারেজের মালিক মো. আবুল মাসুদ কাজল ঢাকার মহানগর হাকিম জুলফিকার হায়াতের আদালতে নিজের 'ভুল' স্বীকার করে ক্ষমা চান। তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে প্রতিশ্রতি দেন। হাকিম আবুল মাসুদ কাজলকে ৬০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন গত ১৬ জুলাই অভিযুক্তের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এবং তার বিরুদ্ধে মামলা করে। ১৯ জুলাই কাজল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত কাজল"তাজ পানি" নাম দিয়ে বোতলবদ্ধ পানি বাজারে ছেড়েছিলেন। আইনে শাস্তির মাত্রা কম হওয়ায় অনেক ক্ষেত্রে জরিমানা দিয়ে আসামীদের মধ্যে আবার একই অপরাধে লিপ্ত হওয়ার প্রবণতা রয়েছে বলে বিশেষজ্ঞরা অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৯১০ঘ.