বাগেরহাট, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সরবরাহ করা বিস্কুট খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসকের মাধ্যমে বুধবার তা শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ও গণশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।
প্রতিবেদনে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পারিপার্শিক তিনটি কারণে অসুস্থতার কথা বলা হয়েছে।
এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার ৫৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ডব্লিউএফপি'র 'ইমার্জেন্সি স্কুল ফিডিং প্রোগ্রামের' আওতায় দেয়া বিস্কুট ব্যবহার ও সরবরাহ স্থগিত করা হয়েছে। যশোরের রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) নামে একটি বেসরকারি সংস্থা এই বিস্কুট সরবরাহ করেছিল।
তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিমল কৃষ্ণ বাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের অসুস্থ হবার সম্ভাব্য তিনটি কারণ উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে- বিস্কুটগুলো উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ, এসব বিস্কুট খেয়ে শিশুরা পর্যাপ্ত পানি পান করেনি এবং কিছু শিশু আক্রান্ত হবার পর অন্য শিশুরা 'ম্যাস সাইকোলজিক্যাল ইলনেস'-এ আক্রান্ত হয়।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. সুবাস কুমার সাহা বলেন, সাধারণভাবে কিছু সম্ভাব্য পরিস্থিতির কথা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু বিস্কুটের কেমিক্যাল ও ব্যাকটেরিওলজিক্যাল পরীক্ষার প্রতিবেদন ছাড়া বিস্কুটের মান সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।
এই পরীক্ষার জন্য বিস্কুটের নমুনা ঢাকার ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মু. মুয়াজ্জেম হোসাইন জানান, তদন্ত প্রতিবেদন পাবার পর তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ঢাকা থেকে বিস্কুটের নমুনার মান সম্পর্কিত রিপোর্ট না আসা পর্যন্ত জেলার মংলা, রামপাল, শরণখোলা ও মোরেলগঞ্জের ৫৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বিস্কুট ব্যবহার ও সরবরাহ স্থগিত করা হয়েছে।
গত ১৮ জুলাই জেলার রামপাল উপজেলার শ্রীফলতলা প্রাথমিক বিদ্যালয়ে এই বিস্কুট খেয়ে ৫৬ শিশু অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়।
এর আগে একই কর্মসূচির বিস্কুট খেয়ে ১ জুন খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি ও মহালছড়ি এবং বান্দরবানের লামা উপজেলায় কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচশ'র বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ৯ জুন বরগুনার সদর উপজেলার পোটকাখালী প্রাথমিক বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়।
ওই সময় জাতিসংঘের এ সংস্থাটি দাবি করে, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ইমার্জেন্সি স্কুল ফিডিং প্রকল্পের আওতায় বাংলাদেশে উৎপাদিত উচ্চ পুষ্টিমানের বিস্কুট খাওয়ার জন্য সম্পূর্ণ নিরাপদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫০ ঘ.
bdnews24