যশোর, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের ঝুমঝুমপুর এলাকার একটি কারখানা থেকে সোমবার গভীর রাতে বিপুল পরিমাণ ভেজাল সার ও রাসায়নিক উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
সুমি ও মোঘল এগ্রো এন্ড ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিজ থেকে আটক ১০০ বস্তা ফসফেট ও ২৬৫ বস্তা ডলোমাইট পাউডারসহ সার তৈরির সরঞ্জামের মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানান বিডিআরের মেজর মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমান বলেন, এর আগে গত ১৬ জুলাই রাতে বিডিআর একই কারখানায় উৎপাদিত ভেজাল সার আটক করেছিল নীলগঞ্জ সেতুর কাছ থেকে। ওইদিন আটক ৩০৬ বস্তা ভেজাল টিএসপি ও এমওপি সারের মূল্য ৩০ লক্ষাধিক টাকা।
বিডিআর কর্মকর্তা আরও বলেন, এর একদিন পর বেনাপোলের শ্যামলাগাছি গ্রাম থেকে বিডিআর ১৫০ বস্তা টিএসপি ও ৫০ বস্তা এনপিকেএস ভেজাল সার উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.
bdnews24