ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংকের দেওয়া ঋণ, খেলাপি ঋণ ও মওকুফ করা সুদের বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী গত সাত বছরের এ হিসাব জমা দিতে অর্থমন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
সভার পর পরিকল্পনা সচিব হাবিবুল্লাহ মজুমদার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
এছাড়া গত সাত বছরে সড়ক নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি হয়েছে কিনা তার একটি প্রতিবেদন সড়ক ও জনপথ বিভাগকে জমা দিতে বলেছেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনা সচিব বলেন, "বৈঠকে প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়কে গত সাত বছরে রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংক (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক) থেকে কি পরিমাণ ঋণ বিতরণ করা হয়েছে, কারা এ ঋণ পেয়েছে, কি পরিমাণ ঋণ খেলাপি হয়েছে, কতো টাকার সুদ মওকুফ করা হয়েছে-এ সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলেছেন।"
হাবিবুল্লাহ মজুমদার আরও জানান, বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ঢাকার চার পাশের নদীর দুই পার দিয়ে হাঁটা পথ (ওয়াকওয়ে) নির্মাণ করা হবে। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্যই নদীর দুই পারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে।
তবে কতো দিনে এ সব প্রতিবেদন জমা দিতে হবে সে ব্যাপারে প্রধানমন্ত্রী কিছু বলেননি বলে জানান পরিকল্পনা সচিব।
৮৫৭ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেক বৈঠকে প্রায় ৮৫৭ কোটি টাকা ব্যয়সাপেক্ষ ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে পটুয়াখালীতে কোস্ট গার্ডের ঘাঁটি নির্মাণ প্রকল্প, রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ (২য় পর্ব) প্রকল্প, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প, বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং নতুন ও নদীভাঙনের শিকার উপজেলা পরিষদ কমপ্লেক্স (সংশোধিত) প্রকল্প।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২৩২৬ঘ.
bdnews24