চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি পূরণের আশ্বাস পেয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজের ক্রেন অপারেটররা বিকেল সাড়ে ছয়টা থেকে কাজ শুরু করেছে।
চট্টগ্রাম উইন্সম্যান কল্যাণ সমিতির সভাপতি আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দর কর্তৃপক্ষ বার্থ অপারেটরদের আওতাভুক্ত ক্রেন অপারেটরদের (উইন্সম্যান) দাবিগুলো সাত থেকে ১৫ দিনের মধ্যে পূরণ করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে বিকেলের পালা থেকে সবাই কাজে যোগ দিয়েছে।
তিনি জানান, বন্দরের উপ-ব্যবস্থাপক (পরিবহন) একেএম মোয়াজ্জেম হোসেনের সঙ্গে উইন্সম্যানদের প্রতিনিধি দলের সফল আলোচনার পর পর তারা কাজে যোগ দিতে সম্মত হয়।
বন্দর ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে তাদের দাবি পূরণে কার্যকর উদ্যোগ নেবে বলে সমিতির সদস্যদের আশ্বস্ত করেছে।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর উইন্সম্যানরা বিকেলের পালা থেকে কাজ শুরু করেছে। ফলে সাময়িক যে সঙ্কট ছিল তা কেটে গেছে।"
উইন্সম্যানরা বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সকালের পালা থেকে কর্মবিরতি শুরু করেছিল। এতে বন্দরে স্বাভাবিকভাবে জাহাজ থেকে মালামাল ওঠানামার কার্যক্রম ব্যহত হয়। তবে বন্দর কর্তৃপক্ষ ও বার্থ অপারেটররা বিকল্প ব্যবস্থা গ্রহণ করায় বন্দর অচল হয়ে পড়েনি।
বিগত ছয় মাসে একই দাবিতে দু'দফা কর্মবিরতি পালন করে উইন্সম্যানরা। তবে বার্থ অপারেটর ও বন্দর কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে তখন তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। কিন্তু এর সুরাহা না হলে গত ১ জুলাই মালিকপক্ষকে সময়সীমা বেঁধে দেওয়া হয়। মালিকদের অনুরোধে ওই সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত একদফা বাড়ানোর পরও কোনো ফল না পেয়ে সোমবার সকালে তারা কর্মবিরতির ডাক দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এসকে/২১৩৩ঘ.
bdnews24