ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় কাউন্সিলের তিন দিন আগে মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। তিনি বলেছেন, কাউন্সিলে সম্পৃক্ত না করার বেদনা থেকেই তার এই সরে দাঁড়ানো। তবে সাধারণ সম্পাদকের পদ ছাড়লেও আওয়ামী লীগে থেকে যাবেন বলেই জানিয়েছেন এই সাংসদ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে নিজের বাড়িতে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন জলিল। পদত্যাগপত্র মঙ্গলবারই দলীয় প্রধান শেখ হাসিনার কাছে পাঠানো হবে বলে জানান তিনি।
একটি লিখিত বক্তব্যে জলিল বলেন, দলীয় কাউন্সিলে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাব বলে আশা করছিলাম। কিন্তু তা থেকে বঞ্চিত হওয়ায় সরে দাঁড়ানো ছাড়া আমার কাছে বিকল্প ছিল না।
আগামী ২৪ জুলাই আওয়ামী লীগের কাউন্সিল হবে। তাতে সম্পৃক্ত করা হয়নি জলিলকে। কাউন্সিলের কার্যক্রমে সম্পৃক্ত না করায় জলিল সংবাদ মাধ্যমের কাছে নিজের অসন্তোষের কথাও জানিয়েছিলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী গত ১৭ জুলাই সাংবাদিকদের বলেন, অসুস্থতার কারণে আব্দুল জলিলকে কাউন্সিল প্রস্তুতি কমিটিতে রাখা হয়নি।
সাংসদ আব্দুল জলিল সাধারণ সম্পাদকের পদে থাকলেও দীর্ঘদিন ধরে দলীয় মুখপাত্রের দায়িত্ব পালন করছেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
জলিল বলেন, "প্রত্যাশা করেছিলাম যে, শেষ পর্যন্ত আমি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাব। কিন্তু শেষ সুযোগ থেকেও আমি বঞ্চিত হলাম। এ অবস্থায় আমার সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ানো ছাড়া বিকল্প কোনও পথ নেই। তাই আমি আজ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালাম।"
তিনি জানান, বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে তিনি যতদিন বাঁচবেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ করে যাবেন।
এক পৃষ্ঠার লিখিত বক্তব্যের বাইরে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি জলিল।
তিনি বলেন, "আমি আজ কোনও প্রশ্নের জবাব দেব না। দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছি। তবে আমৃত্যু দলকে শক্তিশালী ও সমৃদ্ধ করার চেষ্টা করব।"
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে জলিল বলেন, "গঠনতন্ত্র মোতাবেক সাধারণ সম্পাদক কাউন্সিল অধিবেশন আহ্বান করেন। দাওয়াত পত্র তার নামেই হওয়া বাঞ্ছনীয়। সাধারণ সম্পাদক কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদকের রির্পোট পেশ করেন। সে সুযোগও আমার নেই।
"চেয়েছিলাম পিস এক্সিট (শান্তিপূর্ণভাবে সরতে), কিন্তু তা হল না।"
সংবাদ সম্মেলনের সময় জলিলের বাড়িতে ছিলেন তার নির্বাচনী এলাকার আওয়ামী লীগ নেতারা।
নওগাঁর সাংসদ এমাজউদ্দীন পারমানিক , ইসরাফিল আলম, সাধন মজুমদার, শহীদুজ্জামান সরকার বাবুল ছিলেন জলিলের সঙ্গে।
জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হওয়ার পর জলিলের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদপত্রে শেখ হাসিনার সমালোচনা করে সংবাদ প্রকাশ হয়। তবে মুক্তির পর জলিল তা অস্বীকার করেন। স
bdnews24