পঞ্চগড়, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে ঘিরে পঞ্চগড় যেন উৎসবের শহরে পরিণত হয়েছে। শতাব্দীর বিরল এ সূর্যগ্রহণ দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে উৎসাহী মানুষ পঞ্চগড়ে ভীড় করছে। অনেকে এখনও আসছে।
একুশ শতকের দীর্ঘতম এ সূর্যগ্রহণ হবে ২২ জুলাই বুধবার।
বাংলাদেশ মান সময় সকাল ০৬ টা ৫৮ মিনিট ১৮ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে দুপুর ১২টা ১২ মিনিট ২৪ সেকেন্ডে শেষ হবে। পূর্ণগ্রাস গ্রহণের স্থায়িত্ব হবে ৩ মিনিট ৫৮ সেকেন্ড। শুধু দিনাজপুর ও লালমনিরহাট জেলা দুটির উত্তরাংশে এবং পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা দুটিতে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। তবে পঞ্চগড় থেকে এ সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।
উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় পূর্ণ গ্রহণ দেখা গেলেও বাংলাদেশের অন্য স্থান থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। রাজধানী থেকে ৯৩ শতাংশ সূর্যগ্রহণ দেখা যাবে।
তবে এই মুহূর্তে সবার একটাই প্রত্যাশা- আকাশ যেন মেঘমুক্ত থাকে।
এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে কিছু মেঘ থাকলেও মঙ্গলবার রাতের মধ্যে বৃষ্টি ঝরিয়ে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। উত্তরাঞ্চল থেকে মেঘ সরে যাবে বলে আশা করা যাচ্ছে।
আবহাওয়া দপ্তরের কর্মকর্তা ফারাহ দিবা জানান, সিলেট এলাকা দিয়ে কিছু মেঘ বাংলাদেশে প্রবেশ করেছে। চট্টগ্রামের আকাশে কিছু মেঘ আছে। উত্তরের দিকে তেমন মেঘ নেই। আশা করা যায় সূর্যগ্রহণ দেখা যাবে। মঙ্গলবার দুপুুরের দিকে কিছু মেঘ সৃষ্টি হলেও মধ্য ও উত্তরাঞ্চল দিয়ে তা আরও উত্তর দিকে সরে যাবে। রাতে বৃষ্টি হতে পারে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর সুকল্যাণ বাশার জানান, পঞ্চগড় স্টেডিয়াম ও ঢাকায় সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে পঞ্চগড়ে সেমিনার ও সুর্যগ্রহণ দেখার আয়োজন করা হয়।
সূর্যগ্রহণ দেখতে আসা জালাল আহমেদ বলেন, এই প্রথমবারের মতো তিনি সূর্যগ্রহণ দেখতে এসেছেন। এটি একটি বিরল ঘটনা। এখানে এসে অনেকের সঙ্গে দেখা করার সুযোগ সৃষ্টি হয়েছে।
একই উদ্দেশ্যে ঢাকা থেকে আসা গ্যোটে ইন্সটিটিউটের পরিচালক এঙ্গেলা ডোনাট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি একটি বিরল ঘটনা। খুবই ইন্টারেস্টিং। ভালো লাগছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পঞ্চগড় প্রতিনিধি জানান, সূর্যগ্রহণ উপলক্ষ্যে পঞ্চগড় সীমান্তে দুই বাংলার মহাকাশ গবেষক, জ্যোতির্বিজ্ঞানী এবং বিভিন্ন পত্রিকা ও সংবাদ সংস্থার সাংবাদিকরা মতবিনিময় করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় জেলার তেতুঁলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্ত এলাকায় তারা মিলিত হন।
বাংলাদেশ ভূখণ্ডে ছিলেন- অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
আর ভারতীয় ভূখণ্ডে ছিলেন- স্কাই আইওয়াচ অ্যাসোসিয়েশন অব নর্থ বেঙ্গলের (এসডব্লিউএএন) সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার এবং রয়টার্স ও টেলিগ্রাফের ব্যুরো প্রধানসহ স্থানীয় সাংবাদিকরা।
এ ব্যাপারে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের মহাকাশ গবেষক দেবাশীষ সরকারের সঙ্গে মতবিনিময় হয়েছে এ সুযোগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআরএফ/ডিডি/এইচএ/২৩২৫ ঘ.
bdnews24