২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী, শরীয়তপুর ও সাতক্ষীরায় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

নরসিংদী, শরীয়তপুর ও সাতক্ষীরায় সোমবার দেশি ধারালো অস্ত্র, পিস্তল, রিভলবার ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 11:15 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদী, শরীয়তপুর ও সাতক্ষীরায় সোমবার দেশি ধারালো অস্ত্র, পিস্তল, রিভলবার ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে নরসিংদী সদর উপজেলার দুর্গম চর এলাকা থেকে দুপুরে একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, দুটি রামদা ও দুটি চাপাতিসহ একজনকে গ্রেপ্তার করা হয়। শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বাজারে পাটের গুদামে অভিযান চালিয়ে রামদা, চাপাতি ও সড়কি উদ্ধার এবং আটক করা হয়েছে একজনকে। সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের বাদমতলা এলাকার একটি মাছের ঘের থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো হয়: নরসিংদী: দেশি ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ব্যক্তির নাম- মোবারক হোসেন ওরফে বস্তি মোবা (৩৪)। পুলিশের সঙ্গে গোলাগুলির পর মোবাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। তিনি নরসিংদী শহরের ঈদগাহ সংলগ্ন বস্তির সুুরুজ মিয়ার ছেলে। পুলিশ জানায়, মোবা নরসিংদীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে নরসিংদী সদর থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নরসিংদী পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মোহাম্মদ আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। শরীয়তপুর: উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে- ১৪টি রামদা, ১০টি ঢাল, ৪টি সড়কি। গ্রেপ্তার করা ব্যক্তির নাম খোকন হাওলাদার (৩৭)। তিনি শরীয়তপুর সদর থানা আওয়ামী লীগের সহসভাপতি ও চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম হাওলাদারের ছোট ভাই। মাদারীপুর র‌্যাব-৮ এর লেফটেনেন্ট নুর হাসান জানান, সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বাজারে র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার এবং খোকনকে আটক করে। তাকে পালং থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা নুর হাসান। সাতক্ষীরা: দুটি রিভলবার, একটি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে সদর উপজেলার মাহমুদপুর গ্রামের সাহেব আলীর ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে খোকনকে। নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা র‌্যাব-৬ এর একজন কর্মকর্তা জানান, র‌্যাব সদস্যরা সোমবার ভোররাতে ঘেরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে। খোকনকে সাতক্ষীরায় সদর থানায় সোপর্দ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭১৯ ঘ.