বরিশাল, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা সদরে রোববার রাতে আওয়ামী লীগের দুই গ্র"পের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এদের মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এরা হলেন- আসাদুজ্জামান কামাল (৩৮), রিপন (৩০), ইউনুছ (২৫), ফিরোজ গোলদার (৩৫), রিমন সিকদার (১৫), সোবহান (৩৫), ফরিদ খান (২৮) ও সোহেল মোল্লা (৩৫)।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিগত সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ, আবুল হাসানাত আব্দুল্লাহর মুক্তি পরবর্তী করণীয় নিয়ে রোববার রাত সাড়ে ৮টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খানের সমর্থকরা পৌরসভা চত্ত্বরে সমন্বয় সভা ডাকে।
রাত সাড়ে ৯টার দিকে সভাপতি মাহেব হোসেন গ্র"পের মুন্না, সোহেল, ডিকেন ও নোমানের নেতৃত্বে সভায় হামলা চালানো হয়। এতে দু'দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত ১২টা পর্যন্ত দু'পক্ষের লোকজনের মহড়া চলে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ওসি জানান, এ ঘটনায় দুপক্ষই মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৬২২ ঘ.
bdnews24