২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তাহের দিবসে' নানা কর্মসূচি

মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে কর্নেল আবু তাহের বীর উত্তমকে স্মরণ করবে তাহের সংসদ। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের ৩৩তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার। দিনটি তাহের দিবস হিসেবে পালন করে ওই সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 01:18 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে কর্নেল আবু তাহের বীর উত্তমকে স্মরণ করবে তাহের সংসদ। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের ৩৩তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার। দিনটি তাহের দিবস হিসেবে পালন করে ওই সংগঠন। দিবস পালনে আলোচনা সভা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটকের আয়োজন করা হয়েছে বলে রোববার তহের সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ১৯৭৬ সালের ২১ জুলাই বিতর্কিত সামরিক আদালতের রায়ে মুক্তিযোদ্ধা তাহেরকে ফাঁসিতে ঝোলানো হয়। বিচার নামের প্রহসনের মধ্য দিয়ে তাহেরকে হত্যা করা হয় বলে ব্যাপকভিত্তিক মত রয়েছে। তাহের সংসদের সহসভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবু রোববার এক যুক্ত বিবৃতিতে বলেন, "জিয়াউর রহমান নেতৃত্বাধীন সামরিক জান্তা প্রহসনের বিচারে মুক্তিযোদ্ধা তাহেরকে হত্যা করে। বেআইনিভাবে তাহেরকে ফাঁসি দিয়ে তা জায়েজ করতে ১০ দিন পর ভূতাপেক্ষ কার্যকারিতা দিয়ে নতুন সামরিক বিধি জারি করা হয়।" তাহের সংসদ ওই মামলা পর্যালোচনা করে তা বাতিল করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে। একইসঙ্গে তাহেরকে তার প্রাপ্য মর্যাদায় রাষ্ট্রীয় সম্মানে পুনঃপ্রতিষ্ঠার দাবি জানায়। তাহের দিবসের কর্মসূচি: মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আলোচনা সভা। 'বাংলাদেশের সামরিকীকরণ: গণতন্ত্রের বিপদ' শীর্ষক আলোচনা সভায় অংশ নেবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক মুনতাসীর মামুন প্রমুখ। আলোচনা শেষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ঢাকা পদাতিকের নাটক 'জলদাস' মঞ্চায়ন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/১৯২৫ ঘ.