চট্টগ্রাম, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিফলেট বিতরণ কালে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় এলাকা থেকে রোববার সকালে ইসলামপন্থী সংগঠন হিজবুত তাওহীদ'র দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বেশ কিছূ লিফলেট।
গ্রেপ্তার করা দুজন হলেন- জামাল উদ্দিন ও মনির খান।
জামাল উদ্দিন ২০০৬ সালের আগস্ট মাসে হিজবুত তাওহীদের লিফলেট বিতরণকালে বন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়ে তিনমাস কারাগারে ছিলেন।
ওই বছর তিনিসহ হিজবুত তাওহীদের সাত সদস্য ধরা পড়ে। তাদের কাছ থেকে লিফলেট ছাড়াও ধর্মীয় উস্কানিমূলক বেশ কিছু বই উদ্ধার করা হয়েছিল।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল আটটার দিকে চেরাগী পাহাড় এলাকায় পত্রিকার হকারদের কাছে লিফলেট বিতরণকালে এদের আটক করা হয়। থানা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদের পর তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।
জামাল উদ্দিন লক্ষীপুর জেলার রামগঞ্জ থানাধীন বলরা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি চট্টগ্রামের ন্যাশনাল বেভারেজ নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত।
অপর সদস্য মনির খান বরিশালের গৌরনদী উপজেলার সাঁকোকাঠি গ্রামের বাসিন্দা।
জামাল উদ্দিন সাংবাদিকদের জানান, বর্তমানে বাংলাদেশে যে ইসলাম ধর্ম প্রচলিত আছে তা প্রকৃত ইসলাম নয়। মানুষকে প্রকৃত ইসলামের (তাদের মতে) দাওয়াত দিয়ে তারা লিফলেট বিতরণ করছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৬৪৬ ঘ.
bdnews24