নারায়ণগঞ্জ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদা তুলতে বাধা দেওয়ায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে শনিবার সকালে হামলায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন- ইউনিয়নের সভাপতি মো. সেলিম, যুগ্ম সম্পাদক মজিবর, জমির ও জুয়েল।
মজিবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা সড়ক পরিবহন ইউনিয়নের আইন উপদেষ্টা মাহবুবুর রহমান ইসমাইল জানান, সকাল ১১টায় কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা সড়ক পরিবহন কমিটির নামে প্রত্যেক শ্রমিকের কাছ থেকে ৫০ টাকা করে চাঁদা তোলার সময় বাধা দিলে শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদর উপর হামলা চালায় চাঁদা আদায়কারীরা।
নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, চাঁদা তোলায় বাধা দেওয়ায় এ ঘটনা ঘটেছে। দু'পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। অবৈধভাবে চাঁদা তোলা হচ্ছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৯ ঘ.
bdnews24