ঢাকা জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ যুব ইউনিয়নের দিনব্যাপী জাতীয় যুব কনভেনশন রাজধানীর ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর কাউন্সিল হলে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা ও সারাদেশ থেকে যুব ইউনিয়ন ও সহযোগী সংগঠনের কর্মীরা এতে যোগ দেন।
কনভেনশনের শ্লোগান ছিল- 'শিক্ষা-কাজের অধিকার ও যুগোপযোগী যুবনীতি চাই, সমাজ প্রগতির সংগ্রামে যুবসমাজ এক হও।
কনভেনশনের উদ্বোধন ঘোষণা করেন অর্থনীতিবিদ আনিসুর রহমান।
তিনি বলেন, বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। স্বইচ্ছায় সবাইকে দেশের নিরক্ষরতা দুরীকরণে সচেষ্ট হতে হবে। দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে মুক্ত হয়েই যুবসমাজকে দেশ গড়ার সংগ্রাম চালিয়ে যেতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরী করতে টাকার অভাব হয়, অথচ দেশে হাজার হাজার কোটি টাকার খেলাপী ঋণ ও কালো টাকা রয়েছে। এসব টাকা বাজেয়াপ্ত করেই নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরী করা সম্ভব। দেশ রক্ষায় যুব সমাজকে বিকল্প শক্তি হিসাবে গড়ে উঠার আহবান জানান তিনি।
অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, দেশের অর্থনীতি মজবুত করতে কৃষক, গার্মেন্টস শ্রমিক, প্রবাসী শ্রমিক ও খুদে উৎপাদকরা প্রধান ভুমিকা রাখছে। এদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আরো কর্মসংস্থানের ক্ষেত্র তৈরী করা যাবে।
কনভেনশনে আরো বক্তব্য রাখেন- মাহাবুবুল ইসলাম, হাসান, হাফিজুর রহমান সোহেল, জাহিদ হোসেন খান, ফিরোজ আহমদ, সরদার রুহিন হোসেন প্রিন্স, খান আসাদুজ্জামান মাসুম প্রমুখ।
কনভেনশনে প্রস্তাবিত জাতীয় যুব সনদ পাঠ করেন হাসান হাফিজুর রহমান সোহেল। গৃহীত চূড়ান্ত সনদ ঘোষণা করেন কাফি রতন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩৫৬ঘ.
bdnews24