কক্সবাজার, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে কক্সবাজারের টেকনাফ উপকূলে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারের দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন দুই জেলে।
উদ্ধার করা রশিদ আহমদ ও নেছার উদ্দিনের লাশ শুক্রবার রাত সাড়ে ১০টায় টেকনাফের লেঙ্গুরবিল কবরস্থানে দাফন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাছ শিকার শেষে ফেলার সময় ঝড়ের কবলে পড়ে টেকনাফ উপকূলে তীরের কাছে এসে মাছ ধরার ৫০টি ছোট ট্রলার ডুবে যায়। অধিকাংশ জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। অনেককে জীবিত উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন চৌধুরী জনান, বৃহস্পতিবার বিকেলে টেকনাফের বাহেরছাড়া উপকূলে নেছারের এবং প্রায় একই সময় কক্সবাজারের কলাতলী উপকূলে রশিদের লাশ ভেসে আসে।
রশিদ টেকনাফ পৌর এলাকার ইসলামাবাদের আবদুল মালেকের ছেলে। নেছার টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানায়, কালা মিয়া (৩৬) ও রমিজ উদ্দিন (২৮) নামে দুই জেলে এখনও নিখোঁজ রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০০২ ঘ.
bdnews24