ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গ্রেপ্তারকৃত ভারতীয় জঙ্গি মুফতি শেখ ওবায়েদুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত।
পাসপোর্ট আইনের একটি মামলায় ১০ দিন রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার ওবায়েদুল্লাহকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে পুলিশ।
হাকিম ড. আব্দুল মজিদ জিজ্ঞাসাবাদের জন্য ওবায়েদুল্লাহকে সাত দিন পুলিশ হেফাজতে রাখার অনুমতি দেন।
ঢাকার কোতোয়ালি থানায় দায়ের করা ওই মামলায় ওবায়েদুল্লাহকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা পরিদর্শক রুহুল আমিন।
রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তি (ওবায়েদ) ভারতে নাশকতামূলক কাজে জড়িত ছিলেন। জঙ্গি আন্দোলন তৈরির উদ্দেশ্য নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। বিভিন্ন স্থানে জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হবে। তার কাছ থেকে আরও তথ্য পেতে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
ওবায়েদুল্লাহর পক্ষে আদালতে কোনও আইনজীবী ছিলেন না। বেলা সোয়া ৩টার দিকে হাকিম রিমান্ডের নির্দেশ দেওয়ার ক্ষণসহ কাঠগড়ায় পুরোটা সময় তিনি দোয়া-দরুদ পড়ছিলেন।
১৪ বছর ধরে বাংলাদেশে অবস্থানের পর গ্রেপ্তার হন ভারতের 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গি মুফতি ওবায়দুল্লাহ।
তাকে ঢাকার বাবুবাজার ব্রিজের কাছ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় বলে পুলিশের দাবি। শুক্রবার বিকেলে ওবায়েদুল্লাহ গ্রেপ্তারের খবর সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫১০ ঘ.
bdnews24