সাতক্ষীরা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকা থেকে শুক্রবার দুপুরে হাসানুজ্জামান হাসান নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।
হাসানকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সাতক্ষীরার ডিবি'র উপ-পরিদর্শক অমল রায়।
তিনি জানান, দুপুর ২টার দিকে হাসানকে তার বড় ভাই ঘড়ি মেকানিক আমিনুলের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। হাসান সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের টেংরা গ্রামের মাহফুজুর রহমানের ছেলে। পুলিশের তালিকায় হাসানের নাম রয়েছে বলে তিনি জানান।
এসআই অমল রায় জানান, হাসান শহরের খড়িবিলায় তার শ্বশুর আব্দুল মোতালেবের বাড়িতে থাকতেন। সেখান থেকেই তিনি জেএমবি'র দাওয়াতি কাজ করতেন।
পুলিশ হেফাজতে থাকা হাসান সাংবাদিকদের জানান, ১৯৯৩ সালে তিনি এসএসসি পাস করেন ঝাউডাঙ্গা হাইস্কুল থেকে। ১৯৯৫ সালে সাতক্ষীরা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর বেসরকারি সংস্থা (এনজিও) জাগরণী চক্র ফাউন্ডেশন ও ব্র্যাকে চাকরি করেন।
তিনি জানান, যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা এবতেদায়ী কওমী মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন।
নিজেকে নির্দোষ দাবি করে হাসান বলেন, জেএমবি'র দাওয়াতি কর্মসূচিতে প্রাথমিক পর্যায়ে অংশ নিলেও বাবার প্রতিবাদের মুখে সরে আসেন তিনি। এরপর থেকে তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২১ ঘ.
bdnews24