চুয়াডাঙ্গা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গা শহরের একটি খাবারের হোটেল থেকে বুধবার রাতে অস্ত্র ও বোমাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, আটক করা পাঁচজন কথিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য।
এরা হলেন- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাকোল গ্রামের শাহানুর ও সেলিম, কুলচারা গ্রামের মিলন, শৈলকুপা শহরের ফারুক এবং কবিরপুরের সাইফুল।
এদের কাছ থেকে তিনটি পিস্তল, চারটি বোমা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল।
র্যাব-৬ এর চুয়াডাঙ্গা ক্যাম্পের অধিনায়ক মেজর এমএম শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝিনাইদহ থেকে জনযুদ্ধের একদল ক্যাডার রেল স্টেশনের পাশে একটি হোটেলে গোপন বৈঠক করছে বলে তারা গোপন সূত্রে খবর পান। ওই সূত্র তাদের আরও জানায়, সেখানে জনযুদ্ধের বর্তমান কমান্ডার ঝিনাইদহ সদর উপজেলার অশ্বস্থলী গ্রামের আব্দুল কুদ্দুস থাকতে পারেন।
র্যাব কর্মকর্তা শফিকুর বলেন, "এরপর রাত ৯টার দিকে হোটেলে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তবে কুদ্দুসকে পাওয়া যায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৬১৯ ঘ.
bdnews24