২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগের ইসলামবাগে জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর লালবাগের ইসলামবাগে জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া অন্তত ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 08:48 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগের ইসলামবাগে জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া অন্তত ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর দেড়টার দিকে কারখানাটিতে আগুন লাগে। পরে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। ১৯/২০ ইসলামবাগের ওই বাড়ির মালিক শাহাজাহান রহমান সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার বছর আগে নীচ তলার ওই ফ্ল্যাটে জুতার সোলের কারখানা চালু করেন তিনি। দমকল বাহিনীর ঢাকা দক্ষিণের উপ সহকারী পরিচালক দীলিপ কুমার ঘোষ জানান, লালবাগ ও পালাশীর দমকল বাহিনীর ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে তিনি কিছু জানাতে পারেননি। ওদিকে লালবাগ জোনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুন লাগার আগে সেখানে ৩-৪ জন শ্রমিক কাজ করছিলেন। প্রতিবেশী প্রত্যক্ষদর্শী ইসমালইল জানান, বেলা দেড়টার পরপর ভবনটির উপরের তলার বাসিন্দাদের আর্ত চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং দমকল বাহিনীকে খবর দেন। তিনি জানান, ওই ভবনের দোতলার বাসিন্দারা ছাড়া অন্যরা পাঁচ তলার ছাদে আশ্রয় নেন। পরে ছাদ থেকে তাদের পাশের একটি তিনতলা ভবনে নিয়ে আসেন স্থানীয় লোকজন। তাদের অনেকেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। এছাড়া দোতলায় আটকে পড়া একই পরিবারের ৫ জনকে আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই বের করে আনা হয়। তারাও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। এই পরিবারের দেড় বছরের শিশু স্বপ্নার ডান হাত পুড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এফএফ/এইচএ/১৯৩০ ঘ.