ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে জড়িতদের বিচার সেনা আইনে না সাধারণ আইনে হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
বুধবার সচিবালয়ে এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "বিডিআর বিদ্রোহ ও হত্যাযজ্ঞে জড়িতদের কোন আইনে বিচার হবে সে ব্যাপারে পরবর্তী বৈঠকে (২৭ জুলাই) সিদ্ধান্ত নেওয়া হবে।"
মন্ত্রী বলেন, আজকের (বুধবার) বৈঠকে আইনের বিভিন্ন দিক বিচার-বিশ্লেষণ করা হয়েছে। কিছু বিষয়ে জটিলতা তৈরি হয়েছে। এগুলো নিয়ে আরও আলোচনার জন্য ২৭ জুলাই বিকেল সাড়ে চারটা পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়েছে।
সেনা আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কোনো সুপারিশ রয়েছে কি না জানতে চাইলে শফিক আহমেদ বলেন, "না, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। কোন আইনে বিচার হবে তা নিয়ে সবাই মতামত দিয়েছে। সব বিষয় ভালোভাবে বিচার-বিশ্লেষণের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।"
প্রায় দুই ঘন্টার বৈঠকে অন্যান্যের মধ্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আইন সচিব কাজী হাবিবুল আউয়াল, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুল হক, মহানগর পিপি আবু আব্দুল্লাহ অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএনএস/এইচএ/২৩০০ ঘ.
bdnews24