ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোটি টাকা চাঁদাবাজির মামলায় অব্যাহতি পেয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
একই মামলায় অব্যাহতি পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির চার সহ-সম্পাদক শফি আহমেদ, এসএম কামাল হোসেন, মো. শাহে আলম ও ইকবালুর রহীম।
২০০৭ সালের ৩১ জুলাই রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া এই মামলার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি জানিয়ে তদন্তকারী কর্মকর্তা বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
মামলার বাদি ব্যবসায়ী এম এম ওয়ালিজ মির্জাও আদালতে উপস্থিত হয়ে বলেন, ওই পাঁচজনকে অব্যাহতি দেওয়া হলে তার কোনও আপত্তি নেই।
পুলিশের প্রতিবেদন এবং বাদির বক্তব্য গ্রহণ করে হাকিম মুহাম্মদ মুমিনুল হাসান পাঁচ আসামিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে মামলাটি নিষ্পত্তি করে দেন।
বাদির আইনজীবী কাজী মো. নজিবুল্লাহ হিরু সাংবাদিকদের বলেন, ভুল বোঝাবুঝির কারণে এ মামলাটি দায়ের করা হয়েছিল। এখন তা নিষ্পত্তি হয়ে গেল।
মামলার এজাহারে ওয়ালিজ মির্জা অভিযোগ করেছিলেন, দরপত্রের মাধ্যমে তার প্রতিষ্ঠান নর্থস্টার রিসোস অ্যান্ড গ্লোবাল লিমিটেড কে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে নাছিমসহ পাঁচজন এক কোটি টাকা চাঁদা দাবি করে। এর মধ্যে তিনি ৭৫ লাখ টাকা চাঁদা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬১৫ ঘ.
bdnews24