২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিসিবির জন্য ভোজ্যতেল আমদানির অনুমতি পেল দুটি প্রতিষ্ঠান

আসন্ন রমজানে ভোজ্যতেলের চাহিদা মেটানোর পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে টিসিবির জন্য ২৫ হাজার মেট্রিক টন ভোজ্যতেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে দুটি প্রতিষ্ঠানকে । তারা টিসিবির জন্য সাড়ে ১২ হাজার মেট্রিক টন করে সয়াবিন ও পাম অয়েল আমদানি করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 02:23 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রমজানে ভোজ্যতেলের চাহিদা মেটানোর পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে টিসিবির জন্য ২৫ হাজার মেট্রিক টন ভোজ্যতেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে দুটি প্রতিষ্ঠানকে । তারা টিসিবির জন্য সাড়ে ১২ হাজার মেট্রিক টন করে সয়াবিন ও পাম অয়েল আমদানি করবে। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সভায় এর সদস্য বাণিজ্য মন্ত্রী ফারুক খান, যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব আজিজ সাংবাদিকদের জানান, সেনাকল্যাণ সংস্থার প্রতিষ্ঠান আম্পাং ফুড ইন্ডাস্ট্রিজ সাড়ে ১২ হাজার মেট্রিক টন সয়াবিন তেল এবং বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত এডিবল অয়েল লিমিটেড সাড়ে ১২ হাজার মেট্রিক টন পাম অয়েল আমদানি করবে। তিনি আরও জানান, আগামী ১৫ দিনের মধ্যে আমদানির প্রক্রিয়া শুরু হবে। আগষ্টের মাঝামাঝি এ তেল দেশে আসবে এবং তারপর তা টিসিবির কাছে হস্তান্তর করবে প্রতিষ্ঠান দুটি। তিনি বলেন, "রমজানে বাজার নিয়ন্ত্রণ এবং ভোজ্যতেলের চাহিদা পূরণে টিসিবি এ তেল বাজারে ছাড়বে। তবে টিসিবি এখনও বাজারে এ তেলের বিক্রিমূল্য নির্ধারণ করেনি। এতে কী পরিমাণ ভর্তুকি দেওয়া হবে তাও নির্ধারণ হয়নি।" মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রতি লিটার ৭২ টাকা ৮৪ পয়সা দরে ৭২ কোটি ৫৪ লাখ ছয় হাজার ২৫০ টাকার সয়াবিন তেল এবং প্রতি লিটার ৫৭ টাকা দরে ৭১ কোটি ২৫ লাখ টাকার পাম অয়েল আমদানি করা হবে। এ অর্থের মধ্যে পরিবহন ব্যয় এবং ভ্যাট ও ট্যাক্স অন্তর্ভুক্ত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এইচএ/২০৩০ ঘ.