ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, কাউন্সিল করে ২৫ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে দলের স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়া সম্ভব নয়।
তিনি আবারও অভিযোগ করেন, সরকার ও নির্বাচন কমিশন বিএনপির নিবন্ধন 'বাতিলের অপচেষ্টায় লিপ্ত' রয়েছে।
মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বিএনপি মহাসচিব।
আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে নিবন্ধনের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলেও জানান তিনি।
নির্বাচনী আইন (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যে (নবম সংসদের প্রথম অধিবেশন বসার ছয় মাসের মধ্যে) রাজনৈতিক দলগুলোকে তাদের স্থায়ী গঠনতন্ত্র দলীয় কাউন্সিলে অনুমোদন করে নির্বাচন কমিশনে জমা দিতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, "কীভাবে বিএনপির নিবন্ধন বাতিল করা যায় সরকার ও নির্বাচন কমিশন এক হয়ে কৌশলে সে অপচেষ্টা করছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রথমে ৬ মাস সময় চাওয়ার সিদ্ধান্ত নিয়ে পরে হঠাৎ তড়িঘড়ি করে ২৪ জুলাই কাউন্সিল অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে।
"এতে জনমনে প্রশ্ন জেগেছে। তাই ব্যাপক জনসমর্থিত বিএনপির নিবন্ধন বাতিল করার অপচেষ্টা কোনওভাবেই সফল হবে না। দেশের জনগণও তা মেনে নেবে না।"
এ সময় এ রকম 'ষড়যন্ত্রের' পথ পরিহার করে বিএনপিকে স্বচ্ছভাবে কাউন্সিল অনুষ্ঠানের সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি।
দেলোয়ার জানান, বিএনপি সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় দলের গঠনতন্ত্রের খসড়া ইতিমধ্যে নির্বাচন কমিশনের জমা দিয়েছে। "বিএনপি সুষ্ঠুভাবে কাউন্সিল করেই ওই গঠনতন্ত্রটি স্থায়ী করতে চায়," বলেন তিনি।
সরকার বিরোধী দলের ওপর একের পর এক নির্যাতন চালিয়ে যাচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, "আমাদের নেত্রীকে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, নেতাদের নামে থাকা রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার না করা এবং নেতাদের নামে মিথ্যা অপপ্রচার চালানোসহ নানাভাবে নতুন নতুন বিষয় এনে নির্যাতন চালাচ্ছে সরকার।"
বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, "বিএসএফ প্রতিদিন আমাদের সীমান্তে নির্বিঘে
bdnews24