২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় খুন হওয়া তিনজনের পরিচয় মিলেছে

বগুড়ার শাহজাহানপুর উপজেলার চক ঢাকুন্তা গ্রামে সোমবার রাতে খুন হওয়া তিনজনের পরিচয় পাওয়া গেছে। মঙ্গলবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে লাশ দেখে এ তিনজনকে শনাক্ত করেন তাদের পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 11:41 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

বগুড়া, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার শাহজাহানপুর উপজেলার চক ঢাকুন্তা গ্রামে সোমবার রাতে খুন হওয়া তিনজনের পরিচয় পাওয়া গেছে। মঙ্গলবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে লাশ দেখে এ তিনজনকে শনাক্ত করেন তাদের পরিবারের সদস্যরা। এরা হল- বগুড়া শহরের কৈগাড়ী এলাকার বাসিন্দা বিডিআর সুবেদার জাহিদুল হক (৪৭), নারুলী উত্তরণ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র উত্তর চেলোপাড়ার আরব আলীর ছেলে এমরান (১৩) ও জলেশ্বরীতলা প্রি ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র শহরতলীর ধাওয়াপাড়া গ্রামের অবসর প্রাপ্ত বিডিআর সদস্য শফিকুল আলমের ছেলে নূরে ইসলাম বিদ্যুৎ (১৮)। তিন খুনের ঘটনায় শাহজাহানপুর থানায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে। থানার উপ-পরিদর্শক প্রীতিশ কুমার জানান, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে একটি মোটর সাইকেলে করে জাহিদুল, এমরান ও বিদ্যুৎ ঢাকুন্তা গ্রামে যায়। এমরান ও বিদ্যুৎ একটি পাটক্ষেতে নিয়ে জাহিদকে জবাই করে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু মোটরসাইকেলটি বিকল হয়ে যায়। গ্রামের কয়েক ব্যক্তি দুই কিশোরের গায়ে রক্ত দেখে তাদের জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে এমরান দৌড়ে পালানোর চেষ্টা করে। এ পর্যায়ে গ্রামবাসী জড়ো হয়ে দুজনকে আটক করে এবং খুনের বিষয়টি জানতে পেরে পিটুনি দেয়। এতে তাদের মৃত্যু হয়। নিহত জাহিদের ছেলে মাজেদুল হক মণি জানায়, তার বাবা এক মাসের ছুটিতে বগুড়ায় এসেছিলেন। মঙ্গলবার তার চাকুরিস্থল চট্টগ্রামের ২৯ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে যোগ দেওয়ার কথা ছিল। সোমবার বিকেলে মোটরসাইকেল নিয়ে তিনি বাসা থেকে বের হন। রাত ৯টার দিকে মোবাইল ফোনে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে পরিবারের লোকজন ব্যর্থ হয়। মঙ্গলবার হাসপাতাল মর্গে লাশ দেখে জাহিদকে শনাক্ত করা হয় বলে মণি জানায়। এমরানের ভাই আরমান এবং বিদ্যুতের চাচা নূহের মাহমুদের বক্তব্যও প্রায় একই রকম। জলেশ্বরীতলা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার জানান, বিদ্যুৎ নিয়মিত স্কুলে আসত না। ঘটনার দিন সে স্কুলে এসেছিল। এসআই প্রীতিশ জানান, জাহিদ হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। অপর মামলাটি হয়েছে এমরান ও বিদ্যুৎ হত্যার ঘটনায়। এ মামলায় অজ্ঞাতানামা তিন থেকে চারশ' গ্রামবাসীকে আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৪ ঘ.