ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় মৌসুমি নিম্নচাপটি আরও জোরালো হয়ে ঘনীভূত হয়েছে।
এটা আরও ঘনীভূত হতে পারে বলে সোমবার রাতে আবহাওয়ার এক বুলেটিনে জানানো হয়।
বুলেটিনে বলা হয় এর প্রভাবে সমুদ্র বন্দর এবং উপকূলীয় অঞ্চলে ঝোড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।
এতে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সমুদ্র এলাকায় সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তীরের কাছাকাছি থেকে চলতে বলা হয়েছে।
এর আগে সোমবার দুপুরে এক বুলেটিনে বন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনও সম্ভাবনা না থাকায় তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত নামিয়ে ফেলতে বলা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/ডিডি/এসকে/০০২৯ঘ.
bdnews24