২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বান্দরবানে বিশেষ অভিযান, আটক ১১

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান শুরু করেছে। মিয়ানমার থেকে অবৈধপথে আসা রোহিঙ্গারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে- এ আশঙ্কায় অভিযান চালানো হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

বান্দরবান, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান শুরু করেছে। মিয়ানমার থেকে অবৈধপথে আসা রোহিঙ্গারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে- এ আশঙ্কায় অভিযান চালানো হচ্ছে। অভিযানে রোববার রাত ও সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের বিভিন্ন এলাকা থেকে মহিলা ও শিশুসহ মিয়ানমারের ১১ নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। এরা সে দেশের রোহিঙ্গা মুসলমান। রোববার গভীর রাতে উপজেলার পুরাতন সিনামা হল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ছৈয়দ আহমদ (৫৫) ও খায়রুল আমিন (২৯) নামের দু'জনকে। সোমবার দুপুরে রোহিঙ্গা পল্লী বলে পরিচিত একটি পাড়া থেকে আটক করা হয় হোসনা বেগম (২৪), মো. শহিদ (১১ মাস), রোজিনা বিবি (২০), নাসিমা বেগম (২০), আমিরা বেগম (৩), মোক্তার হোছেন (২৩), সেনোয়ারা বেগম (২৩), তোয়ামিন (৭ মাস) ও তছলিম (৪) নামে আরও নয় জনকে। আটক এই ১১জনকে মিয়ানমারে পুশব্যাক করার জন্য বিডিআরের কাছে সোপর্দ করা হয়েছে বলে নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওয়াব আসলাম হাবিব জানান। নাইক্ষ্যংছড়ি থানার উপ-পরিদর্শক মো. কামরুল হাসান বলেন, "গোপন সংবাদ পেয়ে অনুপ্রবেশকারী এসব মিয়ানমার নাগরিককে আটক করা হয়। তাদের পুশব্যাকের জন্য বিডিআরের কাছে সোপর্দ করা হয়েছে। তবে কোনো মামলা করা হয়নি।" এদিকে আটকৃতরা স্থানীয় সাংবাদিকদের বলেন, তারা মিয়ানমার থেকে অবৈধ পথে নাইক্ষ্যংছড়িতে এসেছেন। এখানে তারা বাসা ভাড়া নিয়ে বাস করছেন। ইউএনও নওয়াব আসলাম হাবিব জানান, ১৫ জুলাই হতে নাইক্ষ্যংছড়িতে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে। এ সময় ব্যাপকহারে রোহিঙ্গারা অনুপ্রবেশ করে ভোটার হওয়ার চেষ্টা করতে পারে। এমন আশঙ্কা থেকে পুলিশ, বিডিআর ও স্থানীয় প্রশাসন যৌথভাবে রোহিঙ্গাদের আটক করে পুশব্যাক বা আইনি হেফাজতে সোপর্দ করার জন্য যৌথ অভিযান চালাচ্ছে। ইউএনও আরও জানান, সামছুল আলম নামে সন্দেহভাজন এক রোহিঙ্গা বিগত ভোটার তালিকায় তালিকাভুক্ত হয়েছিলেন এমন অভিযোগ পেয়ে বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। ওই ব্যক্তি মিয়ানমারের নাগরিক প্রমাণিত হলে তার ভোটার ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩২ ঘ.