২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন করে জাতীয় সম্পদ রপ্তানি নিষিদ্ধের দাবি

অবিলম্বে আইন করে জাতীয় সম্পদ রপ্তানি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কমিটির নেতারা জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরীকে বহুজাতিক কোম্পানির 'এজেন্ট' আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি করেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

চট্টগ্রাম, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবিলম্বে আইন করে জাতীয় সম্পদ রপ্তানি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কমিটির নেতারা জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরীকে বহুজাতিক কোম্পানির 'এজেন্ট' আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি করেছেন তারা। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির নেতারা এ দাবি জানান। তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিকে ব্লক ইজারা দেওয়ার তৎপরতা বন্ধের দাবির পক্ষে জনমত গড়তে শনিবার রাজধানী থেকে রোডমার্চ শুরু করেছে তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এ রোডমার্চ মঙ্গলবার কক্সবাজার পৌঁছাবে। পথে বিভিন্ন স্থানে পথসভা-জনসভা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। রোডমার্চে বামপন্থী দলগুলোর নেতা-কর্মীরা অংশ নিচ্ছে। শনিবার দুপুর ১২টায় রাজধানীর মুক্তাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশের পর রোডমার্চের গাড়িবহর কক্সবাজারের পথে রওনা হয়। সোমবার রোডমার্চের গাড়িবহর চট্টগ্রামে পৌঁছায়। সমাবেশে কমিটির নেতারা বলেন, দেশের জ্বালানি সম্পদ কিভাবে ব্যবহার করা হবে তার সিদ্ধান্ত নেবে জনগণ। অথচ বর্তমান সরকার জনগণের প্রতিনিধি হিসেবে নয়, সাম্রাজ্যবাদী বহুজাতিক গোষ্ঠীর পক্ষ নিয়ে গ্যাস ও অন্যান্য জ্বালানি সম্পদ ব্যবহারে অসম চুক্তি করেছে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, চট্টগ্রাম শাখার আহবায়ক আবুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- কমিটির কেন্দ্রীয় আহবায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক ড. এম এম আকাশ, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর অধ্যাপক ড. শামসুল আলম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) শুভ্রাংশু চক্রবর্তী, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির আবুল হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী প্রমুখ। মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, "দেশ ও জনগণের স্বার্থে সকল কালো চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। একইসাথে, দেশের ভবিষ্যত প্রবৃদ্ধি ও উন্নয়নের স্বার্থে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ করতে হবে।" অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, "জনগণের সরকার হয়েও জাতীয় সম্পদ নিয়ে বহুজাতিক কোম্পানির সঙ্গে সম্পাদিত কোন চুক্তি নিয়ে সংসদে আলোচনা হয় না। শুধু দেশের জনগণ নয় তাদের প্রতিনিধি সংসদ সদস্যরাও এ নিয়ে সবসময়ই অন্ধকারে থাকেন।" অতীত ও বর্তমানের সকল চুক্তি প্রকাশ এবং নতুন চুক্তি করার আগে তা সংসদে আলোচনার দাবি জানান তিনি। সমাবেশ শেষে জাতীয় কমিটির উদ্যোগে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কমিটির রোডমার্চ রোববার রাতে চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পৌঁছে। রাতে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় কমিটি ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। সোমবার সকালে মীরসরাই থেকে রওনা দিয়ে রোড মার্চ সীতাকুণ্ড ও কর্নেল হাটে পৃথক পথ সভা করে। মঙ্গলবার সকাল দশটায় রোড মার্চ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে। সন্ধ্যায় কক্সবাজার শহরের লালদীঘি চত্বরে সমাবেশের মধ্য দিয়ে চারদিনের এ রোডমার্চ শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২১৩৯ ঘ.