রাজশাহী, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজের চুরি হওয়া ২৮টি কম্পিউটারের যন্ত্রাংশ শনিবার গভীর রাতে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় রাতেই ওই কলেজের তিন ছাত্র এমরান আলী (১৭), জাহিদুন্নবী জাহিদ (১৬) ও প্রীতমকে (১৬) গ্রেপ্তার করা হয়।
রোববার মুখ্য মহানগর হাকিম আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয় বলে পুলিশ জানায়।
নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক রেজাউল করিম জানান, শনিবার সকালে কলেজের কর্মচারী মোজাহার আলী কলেজ ভবনের দ্বিতীয় তলায় কম্পিউিটার ল্যাবের দরজার তালা ভাঙা দেখে অধ্যক্ষকে জানান। অধ্যক্ষ গিয়ে দেখেন ওই ল্যাবের ২৮টি কম্পিউটারের অধিকাংশ মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়েছে। এর মূল্য প্রায় সাত লাখ টাকা বলে অধ্যক্ষ পুলিশকে জানান।
এ ঘটনায় অধ্যক্ষ ড. নাইদ মো. শামসুল হুদা বাদী হয়ে শনিবার রাজপাড়া থানায় মামলা দায়ের করেন।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, গোপন সংবাদ পেয়ে রাত ২টার দিকে নগরীর কাজীহাটা এলাকায় এমরানের বাড়ি থেকে চুরি হওয়া যন্ত্রাংশ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।
জাহিদের বাড়িও নগরীরর কাজীহাটা এলাকায়। প্রীতমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৫ ঘ.
bdnews24