২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির বিরুদ্ধে চলমান কার্যক্রম অব্যাহত রাখুন: দুদককে রাষ্ট্রপতি

দুর্নীতির বিরুদ্ধে চলমান কার্যক্রম অব্যাহত রাখতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। রোববার দুপুরে দুদকের নতুন চেয়ারম্যান গোলাম রহমান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহবান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতির বিরুদ্ধে চলমান কার্যক্রম অব্যাহত রাখতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। রোববার দুপুরে দুদকের নতুন চেয়ারম্যান গোলাম রহমান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহবান জানান। রাষ্ট্রপতি বলেন, "দুর্নীতির সঙ্গে কোনও আপস নেই। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবার উচিত নীতি-নৈতিকতা ও মূল্যবোধের ওপর অটল থাকা।" এ সময় নতুন চেয়ারম্যান রাষ্ট্রপতিকে দুদকের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন এবং চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা চান। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে গোলাম রহমান সাংবাদিকদের বলেন, "দেশকে দুর্নীতিমুক্ত রাখতে আমি আমার অবস্থান থেকে সর্বোত্তম চেষ্টা চালাব। কারও বিরুদ্ধে কোনও সুনির্দিষ্ট অভিযোগ উঠলে দুদক অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেবে।" কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং প্রত্যেকের কর্মকাণ্ড যাচাই করে দেখা হবে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, " দুদকের আইনগুলো খুবই সুনির্দিষ্ট এবং আমরা এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের প্রতিটি কদম ফেলব।" হাইকোর্টে দুদকের বিভিন্ন মামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আইন নিজস্ব গতিতে চলবে।" দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনও চাপ নেই বলেও জানান তিনি। এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম ও রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসকে/২২২৮ঘ.