ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে রোববার দুপুরে বিডিআর-বিএসএফ সীমান্ত সম্মেলনের প্রথম দিনের সম্মেলন শেষ হয়েছে।
সকাল ১০টায় সম্মেলন শুরু হয়েছিল। বিডিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর এ সম্মেলনে বাংলাদেশের পক্ষে বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামের নেতৃত্বে ২৪ সদস্যের প্রতিনিধিদল অংশ নিচ্ছে। আর ভারতের পক্ষে রয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক এম এল কুমাওয়াতের নেতৃত্বে ১৮ সদস্যের একটি দল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিচালক পর্যায়ের এ সম্মেলনে বিডিআর'র আলোচ্যসূচিতে রয়েছে, সব পর্যায়ে নিয়মিত পতাকা বৈঠক, পারস্পরিক আস্থা বৃদ্ধির চেষ্টা, সীমান্তে যৌথ টহল, চোরাচালান বিশেষ করে মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ, সীমান্ত এলাকায় বিএসএফ ও ভারতীয় নাগরিক কর্তৃক নিরস্ত্র বাংলাদেশীদের হত্যা বা আহত করা, সীমান্ত রেখার ১৫০ গজের মধ্যে ক্যাটল ফেন্সের নামে 'মিলিটারি ওয়্যার অবস্ট্যাকল' নির্মাণ এবং রাস্তাসহ বিভিন্ন ধরণের স্থাপনা নির্মাণ, ভারতীয় নাগরিকের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ, সীমান্ত এলাকায় অপরাধী বা দুষ্কৃতকারীদের অবস্থান, নদী ভাঙন রোধে উন্নয়নমূলক কর্মকাণ্ড, উভয় দেশের নাগরিকরা যারা বাংলাদেশ ও ভারতে কারাভোগ সম্পন্ন করেছে তাদের নিজ নিজ দেশে প্রত্যাবর্তন।
বিএসএফ'র আলোচ্যসূচিতে রয়েছে,আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে সহযোগিতা, মানব পাচার প্রতিরোধে যৌথ প্রচেষ্টা, আন্তর্জাতিক সীমান্তের নির্দিষ্ট কিছু স্থানে ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণে সহযোগিতা, সীমান্ত বরাবর রাস্তা উন্নয়ন, যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে সীমান্ত অপরাধ রোধ করা, যৌথ সীমান্ত ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণ, বিএসএফ-বিডিআর কর্তৃক সীমান্ত পিলার রক্ষণাবেক্ষণ, পারস্পরিক আস্থা সৃষ্টির ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশে আটক ভারতীয় দুষ্কৃতকারীদের ফেরত প্রদান।
সম্মেলনে যোগ দিতে এম এল কুমাওয়াতের নেতৃত্বে বিএসএফ প্রতিনিধি দল শনিবার ঢাকায় পৌঁছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/এমআই/২০৩০ঘ.
bdnews24