২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে হামলায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ আহত ৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও বাজারে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় শনিবার দুপুরে ব্যবসায়ীদের হামলায় পল্লী বিদ্যুৎ সমিতির চার কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

মৌলভীবাজার, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও বাজারে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় শনিবার দুপুরে ব্যবসায়ীদের হামলায় পল্লী বিদ্যুৎ সমিতির চার কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচজন আহত হয়েছেন। ব্যবসায়ীরা পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে হামলা পাল্টা অভিযোগ করেছেন। দুপক্ষই মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ার। আহতরা হলেন- পল্লী বিদ্যুৎ সমিতির এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর আসাদুজ্জামান, লাইনম্যান সিরাজুল ইসলাম, আবু হানিফ ও ইউনুছ আলী এবং সাতগাঁও বাজারের ব্যবসায়ী ফরিদুল ইসলাম নান্নু। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক নজিবুস সহিদ। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আড়াইটার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির একটি দল সাতগাঁও বাজারের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। বিচ্ছিন্নকারী দল কালিপদ মোদকের দোকান থেকে পাশের ফরিদুল ইসলাম নান্নুর দোকানে নেওয়া বিদ্যুতের অবৈধ সংযোগ কাটার সময় হামলার শিকার হয়। ফরিদুল ইসলাম নান্নু তার দলবল নিয়ে সমিতির কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা চালান বলে তিনি অভিযোগ করেন। ফরিদুল ইসলাম নান্নু পাল্টা অভিযোগ করে বলেন, সংযোগ বিচ্ছিন্ন না করার অনুরোধ করায় পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন তাকে বিদ্যুতের কাজে ব্যাবহৃত যন্ত্রপাতি দিয়ে মারধর করে। পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক জানান, গত ২ জুলাই থেকে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত জেলার সাত উপজেলায় বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলছে। শনিবার পর্যন্ত ৪৮৭টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৫ ঘ.