২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

স্কুলছাত্রীকে উত্যক্ত করার জেরে গোপালগঞ্জ সদর উপজেলার দুই ইউনিয়নের দুটি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সদর উপজেলার কাঠি ও মাঝিগাতী ইউনিয়নের ছয়টি গ্রামের বসিন্দাদের মধ্যে শনিবার সকালে এ সংঘর্ষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 01:52 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

গোপালগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্কুলছাত্রীকে উত্যক্ত করার জেরে গোপালগঞ্জ সদর উপজেলার দুই ইউনিয়নের দুটি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সদর উপজেলার কাঠি ও মাঝিগাতী ইউনিয়নের ছয়টি গ্রামের বসিন্দাদের মধ্যে শনিবার সকালে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে একটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং পুলিশ ভ্যানে হামলা হয়। গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। সড়কের দু'দিকে বহু যানবাহন আটকা পড়ে। আহত কাঠি ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম মোল্লাকে (৪৫) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক আতিকুর রহমানসহ অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবি রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, কাঠি ইউনিয়নের কেকেটি হাজী এনসি ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ওই স্কুলের ১০ম শ্রেণীর এক ছাত্র গত বৃহস্পতিবার উত্যক্ত করে। এতে ছাত্রীটির মামা শনিবার সকালে উত্যক্তকারী ছাত্রকে মারধর করেন। এরপর ওই ছাত্র লোকজন নিয়ে ছাত্রীটির মামার ওপর হামলা করলে সংঘর্ষ শুরু হয়। এ খবর ছড়িয়ে পড়লে মাঝিগাতী ও কাঠি ইউনিয়নের কাঠি, খানার পাড়, মানিকহার, মাঝিগাতী, গোপীনাথপুর ও খেলনা গ্রামের হাজার হাজার লোক ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। ওসি বলেন, "গোপালগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।" আহত চেয়ারম্যান কামরুল ইসলাম জানান, সংঘর্ষ চলাকালে তাকে মারধর করে মোটরসাইকেলটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশ ভ্যানে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে উপ-পরিদর্শক আতিকুর রহমানসহ ২৫ জনের মত আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০০ ঘ.