২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার প্রক্রিয়া দ্রুত করতে হাকিম-পুলিশ মতবিনিময়

বিচার প্রক্রিয়া আরও বেগবান ও বিচারের সুফল যথার্থভাবে বিচার প্রার্থীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত ও পুলিশ প্রশাসনের মধ্যে শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 12:25 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার প্রক্রিয়া আরও বেগবান ও বিচারের সুফল যথার্থভাবে বিচার প্রার্থীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত ও পুলিশ প্রশাসনের মধ্যে শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা জজ আদালতের জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির পক্ষ থেকে 'ফৌজদারি মোকদ্দমার তদন্ত ও বিচারে চলমান জটিলতা ও আশু করণীয়' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধে ফৌজদারি মামলা গ্রহণে দূরদর্শিতা ও সচেতনতার অভাব, গ্রেপ্তারকৃত আসামিদের সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের অভাব, পুলিশ রিমান্ড, সনাক্তকরণ মহড়া অনুষ্ঠানে অনাগ্রহ, অনভিজ্ঞতা, সময় জ্ঞানের অভাব, তদন্তে দীর্ঘসূত্রতা ও তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানোতে বিলম্ব, পুলিশ প্রতিবেদনে ভুল ধারা সংযোজন, আলামত জব্দ করা হলেও তালিকা আদালতে না পাঠানো, সমন তামিল করতে ও সাক্ষীর হাজিরা নিশ্চিত করতে অনিয়ম ও ব্যর্থতার বিষয় তুলে ধরা হয়। কিশোর অপরাধীদের বয়স বেশি দেখানো, ধর্ষণ মামলার ডাক্তারি পরীক্ষায় গড়িমসি ও অনিয়ম এবং কেইস ডাইরি রক্ষণাবেক্ষণে অনিয়মের বিষয় নিয়েও প্রবন্ধে বলা হয়। পাশাপাশি এ সব সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যায় তা উল্লেখ করা হয় প্রবন্ধে। প্রবন্ধটি উপস্থাপনের পর তার ওপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনায় ঢাকা জেলার মুখ্য বিচারিক হাকিম মো. রফিকুল আলম, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. শাহজাহান কবিরসহ এ আদালতের ১০ হাকিম এবং আদালতে পুলিশের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা, ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার, ঢাকা জেলার ৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ তাদের সমস্যা ও সমাধানের বিষয়ে বক্তব্য রাখেন। সভায় সভাপতি ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন ঢাকার জেলা ও দায়রা জজ মো. আব্দুল গফুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এমআই/১৮৩০ ঘ.