ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- রাজধানীর তেজগাঁওয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ডোবায় এক যুবকের লাশ পাওয়া গেছে।
সকালে লাশটি উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ। নিহতের নাম রাকিব আহমেদ (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হলেও কাজী নজরুল ইসলাম হলে এক বন্ধুর সঙ্গে থাকছিলেন।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিয়র রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট অনুষদ ভবনের পেছনে একটি ডোবা থেকে রাকিবের লাশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, "রাকিবকে শ্বাসরোধ করে হত্যার পর ডোবায় ফেলে রাখা হয়ে থাকতে পারে। তার চোখে আঘাতের চিহ্ন রয়েছে।"
পুলিশ কর্মকর্তা ওয়ালিয়র জানান, রাকিব কাজী নজরুল ইসলাম হলের ৩১০ নম্বর কক্ষে কিছুদিন ধরে থাকছিলেন।
তিনি বলেন, "ওই কক্ষটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শ্যামল থাকেন। রাকিব তার বন্ধু। দুজনের বাড়ি দিনাজপুরে।"
রাকিবের বাবা মোজাহার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে তার সঙ্গে রাকিবের টেলিফোনে কথা হয়। শুক্রবার থেকে তার মোবাইল ফোনে রিং বাজলেও কেউ ধরছিল না।
ছেলের খবর নিতে শনিবার ভোরেই ঢাকায় আসেন মোজাহার আলী।
তিনি বলেন, "ঢাকায় রাকিবের কয়েকজন বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলে জানতে পারি বৃহস্পতিবার ভোর পর্যন্ত সে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় এবং পরে ৩১০ নম্বর কক্ষে যায়।"
শ্যামল পুলিশকে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সে অন্য একটি কক্ষে ছিল। শুক্রবার সকালে তার কক্ষে এসে রাকিবকে পায়নি। কিন্তু মোবাইল ফোন, মানিব্যাগ বিছানায় পড়ে ছিল।
মোজাহার জানান, "রাকিব ডেফোডিল বিশ্ববিদ্যালয়ে পড়ত। থাকত সোবহানবাগের তল্লাবাগের একটি মেসে। তবে মাঝে মধ্যে শেকৃবিতে বন্ধুদের সঙ্গেও থাকত।"
তিনি বলেন, "রাকিবের কয়েকজন বন্ধু জানিয়েছে, দিনাজপুরের এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। ওই মেয়েকে গোপনে বিয়ে করার জন্য শুক্রবার সকালে রাকিবের দিনাজপুর যাওয়ার কথা ছিল। কিন্তু এ বিষয়ে আমরা কিছু জানতাম না।"
দিনাজপুর শহরের গুড়গোলায় রাকিবদের বাড়ি। ব্যবসায়ী মোজাহার আলীর দুই ছেলে, তিন মেয়ের মধ্যে রাকিব সবার বড়।
রাকিবের মৃত্যুর ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে বলে এসআই ওয়ালিয়র জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24