ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা নদীতে দু'টি লঞ্চ থেকে শুক্রবার সকালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
এদের মধ্যে ১১ জন পুরুষ ও ৪২ জন নারী। তাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক কবির আহমেদ জানান, সকালে পোস্তগোলা শ্মশানঘাটে ভেড়ানো লঞ্চ 'অভিযাত্রী' ও 'এমভি রেড সান' থেকে ১১ জন পুরুষ ও ৪২ জন মহিলাকে আটক করে র্যাব-১০ এর একটি দল।
তিনি আরও বলেন, প্রতি শুক্রবার সকালে এই ঘাট থেকে জনপ্রতি ৫০০ টাকা টিকেটের বিনিময়ে প্রমোদ ভ্রমণেরর আয়োজন করে স্থানীয় কিছু লোক। সকালে এরকম ভ্রমণের প্রাক্কালে দু'টি লঞ্চ থেকে এই ৫৩ জনকে আটক করা হয়। সেইসঙ্গে বেশ কিছু জন্ম নিরোধক সামগ্রী উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২২৪০ঘ.
bdnews24