২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ফুটবল মাঠে সংঘর্ষে খেলোয়াড়সহ আহত ২০

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শান্তিনগর গ্রামে ফুটবল খেলার সময় সংঘর্ষে একজন বিদেশি খেলোয়াড়সহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

মুন্সীগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শান্তিনগর গ্রামে ফুটবল খেলার সময় সংঘর্ষে একজন বিদেশি খেলোয়াড়সহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আছেন- রিয়াজ ও সুদানি ফুটবলার রিচি মরিস। তারা দুজনই পূর্ব নয়াকান্দি শান্তি সংঘ ক্লাবের হয়ে খেলছিলেন। আহতরা বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে। তবে এখনও পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, শান্তিনগর গ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চরবাউশিয়া বড়কান্দি ফ্রেন্ডস ক্লাব এবং পূর্ব নয়াকান্দি শান্তি সংঘ ক্লাব খেলছিল। খেলার ৫৫ মিনিটের সময় রিচি মরিসের গোল করে শান্তি সংঘ এগিয়ে যায়। পরে রিয়াজ আরেকটি গোল করার মুহূর্তে বিপক্ষ দলের খেলোয়ারা তাকে টেনে ধরে। এ নিয়ে দুদলের খেলোয়াড়দের মধ্যে সংষর্ঘ বেধে যায়। রিচি মরিস দুপক্ষকে শান্ত করতে গেলে বিপক্ষের খেলোয়াড়রা তার উপরও হামলা চালায়। পরে দু'দলের সমর্থকদের মধ্যেও সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষকারীরা গোলবার উপড়ে ফেলে এবং পুরস্কার বিতরণের মঞ্চ তছনছ করে বলে ওসি জানান। ঘটনাস্থল থেকে রাত পৌনে ১০ টায় উপ-পরিদর্শক (এসআই) নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খেলাপণ্ড হওয়ায় দু'গ্রামবাসীর মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৯ ঘ.