চট্টগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক আইন কর্মকর্তাকে লাঞ্ছিত করার জন্য ক্ষমা করে মুচলেকা দিয়ে পার পেয়েছেন চট্টগ্রাম পুলিশের ছয় সদস্য।
বৃহস্পতিবার চট্টগ্রাম আদালত ভবনে এ ঘটনা ঘটেছে।
আইনজীবীরা জানান, দুপুরে আদালত ভবনের হাজতখানার সামনের সিঁড়ি দিয়ে ওঠার সময় চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর প্রণব মজুমদারকে লাঞ্ছিত করে ছয় কনস্টেবল। পরে হাকিমের মধ্যস্ততায় পুলিশ ও আইনজীবীদের মধ্যে সমঝোতা বৈঠক হয়। এতে ছয় পুলিশ সদস্য মুচলেকা দিয়ে ক্ষমা প্রার্থনা করেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দিন আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর দেড়টার দিকে আদালত হাজতখানার সামনের সিঁড়ি দিয়ে ওঠার সময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা প্রণব মজুমদারকে বাধা দেয়। নিজেকে আইনজীবী পরিচয় দেওয়ার পরও তারা তার সাথে দুর্ব্যবহার করে। শারীরিকভাবে লাঞ্ছিতও হন প্রণব।"
পুলিশ সদস্যরা প্রণবকে আটকে রাখার চেষ্টা করেছিল অভিযোগ করে জিয়াউদ্দিন বলেন, "খবর পেয়ে অন্য আইনজীবীরা গিয়ে প্রণবকে উদ্ধার করে।"
এরপর এবিএম আজাদের উপস্থিতিতে আইনজীবীদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বৈঠকে বিষয়টি সুরাহা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ ফরিদ ঘটনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযুক্ত পুলিশ সদস্যরা ম্যাজিস্ট্রেট ও জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে লিখিতভাবে ক্ষমা চেয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০২০ ঘ.
bdnews24