২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র মামলা: নতুন কোনো তথ্য দেয়নি হাফিজুর

দশ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি হাফিজুর রহমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য দেননি। তিন দিন ধরে জিজ্ঞাসাবাদে আগের তথ্যেরই পুনরাবৃত্তি করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 02:02 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

চট্টগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি হাফিজুর রহমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য দেননি। তিন দিন ধরে জিজ্ঞাসাবাদে আগের তথ্যেরই পুনরাবৃত্তি করেছেন তিনি। মামলার তদন্ত তদারককারী ও সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপার মোহাম্মদ মুসলিম বৃহস্পতিবার একথা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আসামি হাফিজুর জিজ্ঞাসাবাদে আগে দেওয়া জবানবন্দির আলোকেই তথ্য দিয়েছেন। তিনি অস্ত্র চালানবাহী জাহাজ শনাক্ত এবং জাহাজ থেকে অস্ত্র নিয়ে ট্রলারে করে আসা তিন ব্যক্তির পরিচয় সম্পর্কেও সুস্পষ্ট কোন তথ্য দেননি।" শুক্রবার সকালে হাফিজুরকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হতে পারে বলে মোহাম্মদ মুসলিম জানিয়েছেন। সোমবার সিআইডি হফিজুরকে তিনদিনের রিমান্ডে নিয়ে মঙ্গলবার থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সকাল থেকে দামপাড়াস্থ সিআইডি কার্যালয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি দল হাফিজকে দিনভর জিজ্ঞাসাবাদ করে। গত বছর এ মামলার অধিকতর তদন্ত শুরু হওয়ার পর থেকে এ নিয়ে তাকে তিন দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এ বছরের ২ মার্চ দুই দফা রিমান্ড শেষে হাফিজুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর পরিপ্রেক্ষিতে সিইউএফএল এর সাবেক দুই ঊর্ধ্বতন কর্মকর্তা ও এনএসআই এর সাবেক দুই ডিজিসহ পাঁচ সাবেক ও বর্তমান কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এইচএ/২০০৮ ঘ.