নওগাঁ, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁয় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল শুরু হলেও নওগাঁ-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।
তবে বগুড়া বাস মালিক সমিতির বাসগুলো নওগাঁ জেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে জেলার শেষ সীমানা সান্তাহার থেকে ঢাকাসহ সব অভ্যন্তরীণ রুটে চলাচল করছে।
নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আখতারুজ্জামান বাবু দাবি করেন, বগুড়ার বাস মালিক ও শ্রমিকদের হুমকির কারণে তারা আপাতত নওগাঁ থেকে দূরপাল্লা, বিশেষ করে ঢাকা ও বগুড়াগামী বাস চলাচল বন্ধ রেখেছেন।
নওগাঁ-বগুড়া রুটের বগুড়ার চারমাথায় চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে নওগাঁ জেলা মালিক সমিতি গত বৃহস্পতিবার থেকে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীসহ জেলার সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।
তবে বগুড়া বাস মালিক গ্র"পের নেতা তোফাজ্জল হোসেন ভুট্টু বলেছেন, রুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নওগাঁর বাস মালিকরা অতিরিক্ত চাঁদা আদায় করে আসছিলেন। এছাড়া বৃহস্পতিবার তারা ধর্মঘটের নামে হামলা চালিয়ে বগুড়ার ২৪টি বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে।
এর বিচার ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত বগুড়া ও ঢাকাগামী কোন বাস নওগাঁ থেকে চলাচল করবে না বলে তিনি জানিয়ে দেন।
গত শুক্রবার সন্ধ্যায় বাস মালিক-শ্রমিক ও প্রশাসনের যৌথ সভা হয়। সে সময় স্থানীয় সাংসদ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল সমস্যার সমাধান করা হবে বলে টেলিফোনে আশ্বাস দেওয়ার পর নওগাঁর বাস মালিকরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়। এতে শনিবার সকাল থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/টিআর/০১৫৫ ঘ.
bdnews24