২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মঞ্জুর হোসেন ভারপ্রাপ্ত সচিব হলেন

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মঞ্জুর হোসেন ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন। একইসঙ্গে বর্তমান সরকারের প্রথম চারমাসে তিন দফায় পদোন্নতি পাওয়া অতিরিক্ত সচিব আবু আলম শহীদ খানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মঞ্জুর হোসেন ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন। একইসঙ্গে বর্তমান সরকারের প্রথম চারমাসে তিন দফায় পদোন্নতি পাওয়া অতিরিক্ত সচিব আবু আলম শহীদ খানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বুধবার এসব রদবদল ও নিয়োগের আদেশ জারি করেছে। গত ৩০ জুন থেকেই মঞ্জুর হোসেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছেন। বুধবার তাকে আনুষ্ঠানিকভাবে ওই বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়। এর আগে গত ২৯ জুন স্থানীয় সরকার বিভাগের সচিব শেখ খুরশীদ আলম অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যান বলে বিভাগের জনসংযোগ কর্মকর্তা মোমিনুল হক জানান। দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থেকে পরপর তিন দফায় পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হওয়া আবু আলম শহীদ খান বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত ছিলেন। তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আখতার হোসেনকে দেওয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৩৫ঘ.