২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ হাজার টন সুগন্ধি চাল রপ্তানির সিদ্ধান্ত

১০ হাজার মেট্রিক টন সুগন্ধি চাল রপ্তানি করবে সরকার। বুধবার খাদ্য মন্ত্রণালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 10:55 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ হাজার মেট্রিক টন সুগন্ধি চাল রপ্তানি করবে সরকার। বুধবার খাদ্য মন্ত্রণালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "বর্তমানে দেশে ১০ লাখ ৫৫ হাজার মেট্রিক টন চাল মজুদ রয়েছে। এ অবস্থায় সরকার সীমিত আকারে ১০ হাজার মেট্রিক টন সুগন্ধি চাল রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে।" এ জন্য অর্থ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের তিন যুগ্ম সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "এ কমিটি যাচাই-বাছাই করে চাল রপ্তানি প্রক্রিয়া চূড়ান্ত করবে।" এছাড়াও আসন্ন রমজান উপলক্ষে বিশেষ ভিজিএফ কর্মসূচি শুরু করা হবে বলে জানান রাজ্জাক। তিনি বলেন, "এর আওতায় দেশের প্রত্যেকটি ইউনিয়নে ১৫০০ লোককে খাদ্য সহায়তা দেওয়া হবে। প্রতিটি পরিবার ১০ কেজি থেকে ২০ কেজি পর্যন্ত খাদ্য সহায়তা পাবে। এজন্য সরকারের প্রায় ১ লাখ টন খাদ্যের প্রয়োজন হবে।" চা ও গার্মেন্টস শ্রমিকদের কাছে ১৬ টাকা কেজি দরে চাল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খাদ্যমন্ত্রী জানান। মজুদের বিষয়ে মন্ত্রী জানান, বোরো মৌসুমে গত ৪ জুলাই পর্যন্ত ৭ লাখ ৫৪ হাজার মেট্রিক টন খাদ্য শস্য সংগ্রহ করা হয়েছে। যা অতীতের যে কোনও সময়ের তুলনায় বেশি। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য সচিব মোখলেসুর রহমান, কৃষি সচিব সি কিউ কে মোস্তাক আহমেদ ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্টাও খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৭০০ ঘ.