২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনের শিকার সুন্দরবনের বাঘও

খাদ্য সঙ্কটের কারণে বন ছেড়ে বাঘ লোকালয়ে বেরিয়ে আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগকে সুন্দরবনে বাঘের খাদ্য ঘাটতির অন্যতম কারণ বলেও মনে করছেন তারা। গত সপ্তাহে বাগেরহাট ও সাতক্ষীরায় লোকালয়ে ঢুকে পড়া দুটি বাঘকে গ্রামবাসী পিটিয়ে মারে। গত বছরও দুটি বাঘ পিটিয়ে মারা হয়। গত ১০ বছরে সাতক্ষীরার শ্যামনগর এলাকাতেই মারা গেছে ৭টি বাঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 05:43 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

মারুফ মল্লিক পরিবেশ বিষয়ক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য সঙ্কটের কারণে বন ছেড়ে বাঘ লোকালয়ে বেরিয়ে আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগকে সুন্দরবনে বাঘের খাদ্য ঘাটতির অন্যতম কারণ বলেও মনে করছেন তারা। গত সপ্তাহে বাগেরহাট ও সাতক্ষীরায় লোকালয়ে ঢুকে পড়া দুটি বাঘকে গ্রামবাসী পিটিয়ে মারে। গত বছরও দুটি বাঘ পিটিয়ে মারা হয়। গত ১০ বছরে সাতক্ষীরার শ্যামনগর এলাকাতেই মারা গেছে ৭টি বাঘ। প্রতিবছর গড়ে দুই থেকে তিনটি বাঘ সুন্দরবনের সংলগ্ন গ্রামবাসীদের হাতে মারা পড়ছে। বেশিরভাগ সময় সাতক্ষীরার বুড়ি গোয়ালিনী ও বাগেরহাটের শরণখোলা এলাকা দিয়ে বাঘ বনের বাইরে আসছে। ধারণা করা হচ্ছে, ওইসব এলাকায় খাদ্য ঘাটতির কারণে বাঘ লোকালয়ে চলে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঝড়-জলোচ্ছ্বাসের মাত্রা বাড়ছে। এসব কারণে বনের ভেতর বাঘের প্রধান খাদ্য হরিণ মারা যাচ্ছে। ফলে সঙ্কটে পড়ছে বাঘ। এ কারণেই খাদ্যের সন্ধানে তারা বন ছেড়ে বেরিয়ে আসছে লোকালয়ে। সুন্দরবনের বাঘের পরিবেশ ও সংরক্ষণ নিয়ে গবেষণা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মনিরুল হাসান খান। তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেভাবে বাঘ বেরিয়ে আসছে এবং মারা হচ্ছে তা শঙ্কার বিষয়। মাঝে মধ্যে বাঘ বেরিয়ে আসবে এটি স্বাভাবিক।" তিনি বলেন, "তিনটি কারণে বাঘ বেরিয়ে আসতে পারে। একটি হচ্ছে ঘুরতে ঘুরতে বেরিয়ে আসা। দ্বিতীয়টি হচ্ছে খাদ্য সঙ্কট। বনের ভিতের অনেক সময় শিকার না পেলে বাঘ খাদ্যের সন্ধানে চলে আসে আশপাশের গ্রামে। আর তৃতীয় কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগের পর বাঘ এলোমেলো ঘোরাফেরা করতে করতে জনবসতিতে চলে আসে।" ড. মনির আরও বলেন, "সাধারণত ঝড় জলোচ্ছ্বাসের পর খাদ্যাভাব বেশি দেখা দেয়। কারণ এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে বাঘ বেশি মরে না। হরিণ মারা যায়। এ কারণে বাঘের খাবার সঙ্কট দেখা দেয়।" ঘূর্ণিঝড় আইলা ও সিডরের পর বন থেকে বাঘ বেরিয়ে আসার প্রবণতা বেড়েছে বলেও জানান তিনি। তার হিসেব মতে, সুন্দরবনে এখন দু'শ'র মতো বাঘ রয়েছে জানিয়ে ড. মনিরুল হাসান বলেন, "২০০৪ সালের শুমারি অনুযায়ী, সুন্দরবনে বাঘের সংখ্যা ৪১৯টি। পাগমার্কের ভিত্তিতে এ শুমারি করা হয়। অবশ্য এ পদ্ধতির শুমারির সঙ্গে বিজ্ঞানীরা একমত না। কারণ এক্ষেত্রে পায়ের ছাপের ভিত্তিতে বাঘ গণনা করা হয়। বলা হয়ে থাকে, প্রত্যেকটি বাঘের পায়ের ছাপ ভিন্ন হয়। তবে মাটির গঠনের কারণে একই বাঘের পায়ের ছাপ ভিন্ন ভিন্ন হতে পারে।" ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) আবাসিক পরিচালক ড. আইনুন নিশাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘূর্ণিঝড়ের কারণে হরিণ মরে যেতে পারে। ভারত রিপোর্ট করেছে, ঝড়ের সময় অনেক হরিণ তাদের এলাকায় ভেসে গেছে।" তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবনের লবণাক্ততা বাড়লেও হরিণ ক্ষতিগ্রস্ত হবে।" ড. নিশাত জানান, খাবারের কারণেই বাঘ লোকালয়ে চলে আসছে বলে ধারণা করা হয়। ঝড়ের কারণে তাদের খাদ্যের সঙ্কট দেখা দিতে পারে। তিনি বলেন, "যেভাবে বাঘ মারা পড়ছে এটি বন বিভাগের ব্যর্থতা। তাদের কাজ জনসাধারণকে সচেতন করা। বাঘ লোকালয়ে চলে এলে তাকে না মেরে তিন দিক থেকে ঘিরে জোরে শব্দ করলে সে আবার বনের ভেতরে চলে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১১৪৫ ঘ.