আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯-১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বড় ধরনের সংশোধনী আনা হলেও নতুন বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রস্তাবিত বাজেটে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট ট্যাক্স কমানো, গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক হ্রাস, কালো টাকা সাদা করার সুযোগ তিন বছরের স্থলে এক বছরে নামিয়ে আনাসহ বেশ কিছু সংশোধনী আনা হয়।
মঙ্গলবার সচিবালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ কথা বলেন।
মুহিত বলেন, "অনেক হিসাব-নিকাশ করে বাজেটে সংশোধনী আনা হয়েছে। এ সংশোধনের ফলে প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তা অর্জনের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।"
অর্থবছর শেষে রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, "এবারের বাজেট বাস্তবায়নকে আমরা (সরকার) চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে আমি এ চ্যালেঞ্জের কথা জানিয়েছিলাম। রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করাই হবে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।"
রাজস্ব আদায় বাড়াতে রাজস্ব প্রশাসনকে গতিশীল ও আধুনিক করা হবে বলে জানান মুহিত।
১১ জুন জাতীয় সংসদে ২০০৯-১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী। দেশে বিনিয়োগ বাড়াতে প্রস্তাবিত বাজেটে ১০ শতাংশ কর দিয়ে টানা তিন বছর কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেন তিনি। তার এ প্রস্তাবে ব্যবসায়ী মহল ও সুশীল সমাজের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া হয়।
এ কারণে সংসদে বাজেট পাসের আগের দিন ২৯ জুন তিনি এ প্রস্তাব সংশোধন করে কালো টাকা সাদা করার সুযোগ তিন বছরের স্থলে এক বছর করেন।
এছাড়া অপেক্ষাকৃত ছোট গাড়ি, মোটরসাইকেল, নিউজপ্রিন্ট ও মোবাইল ফোন সেটের আমদানি শুল্কসহ বাজেটে মোট ১৬ ধরনের সংশোধনী আনা হয়। এর মধ্যে মাত্র একটি ক্ষেত্রে শুল্কহার বাড়ানো হয়েছে। বাকিগুলোর ক্ষেত্রে শুল্কহার কমিয়ে পুনর্র্নিধারণ করা হয়।
১১ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে যে বাজেট পেশ করেছিলেন তাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭৯ হাজার ৪৬১ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ন্ত্রিত করের পরিমাণ ৬১ হাজার কোটি টাকা।
২৯ জুন অর্থমন্ত্রী বাজেটে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক খাতে ১৬ ধরনের সংশোধনী আনলেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা একই রয়েছে।
কালো টাকা সাদা করার মেয়াদ কমানোসহ প্রস্তাবিত বাজেটে যে সব সংশোধনী আনা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট ট্যাক্স ৪৫ শতাংশ থেকে কমিয়ে করা হয় ৪২ দশমিক ৫০ শতাংশ। ১০০০ সিসি থেকে ১৫০০ সিসি পর্যন্ত অপেক্ষাকৃত ছোট গাড়ি আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ নির্ধারণ করার কথা বলা হয়েছে। প্রস্তাবিত বাজেটে গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক ৪৫ শতাংশ আরোপ করা হয়েছিল।
অন্যদিকে মোটর সাইকেলের সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ এবং নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে।
এছাড়া মোবাইল ফোন সেটের ক্ষেত্রে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২১৫০ ঘ.
bdnews24