২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সংরক্ষণের দাবিতে রিটের রায় বুধবার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও পাকিস্তানি সেনা বাহিনীর আত্মসমর্পণের স্থান সংরক্ষণের দাবিতে দায়ের করা রিট আবেদনের ওপর রায়ের দিন বুধবার ধার্য করেছে হাইকোর্ট। বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি দেন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ১৯৭১ সালে। একই বছরের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনা বাহিনীও আত্মসমর্পণ করে একই ময়দানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 01:02 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও পাকিস্তানি সেনা বাহিনীর আত্মসমর্পণের স্থান সংরক্ষণের দাবিতে দায়ের করা রিট আবেদনের ওপর রায়ের দিন বুধবার ধার্য করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের বেঞ্চ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের ওপর চুড়ান্ত শুনানি গ্রহণ শেষে রায়ের দিন ধার্য করে। বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি দেন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ১৯৭১ সালে। একই বছরের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনা বাহিনীও আত্মসমর্পণ করে একই ময়দানে। গত ২৫ জুন রিটটি দায়ের করা হয়। ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ জুন হাইকোর্টের একই বেঞ্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও পাকিস্তানি সেনা বাহিনীর আত্মসমর্পণের স্থান সংরক্ষণে সরকারের প্রতি রুলনিশি জারি করে। আদালত এই দুই স্থানে কোনো স্থাপনা থাকলে তা অপসারণ এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সংরক্ষণে একটি কমিটি গঠন করে স্থান দু'টি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও সরকারের কাছে জানতে চেয়েছিল। রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভাষণ দেন। ওই ভাষণ ছিল মুক্তির ভাষণ, স্বাধীনতার ভাষণ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের মুক্তিও এসেছিল। আর একই বছরের ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। এই ঐতিহাসিক স্থান দু'টি সংরক্ষণ করা দরকার। রিট আবেদনকারী মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ শুনানিতে বলেন, স্বাধীনতার পর এত বছর পার হয়ে গেলেও ঐতিহাসিক এই স্থান দুটি সংরক্ষণে আজ পর্যন্ত কেউ উদ্যোগ নেয়নি, যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় অর্জিত হয়েছে। অপর রিটকারী অধ্যাপক মুনতাসির মামুন শুনানিতে বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের পর দিন থেকেই বাংলাদেশ পাকিস্তানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়েছে। প্রতিষ্ঠিত হয় আমাদের আত্মনিয়ন্ত্রণ। তাই ৭ মার্চের ভাষণের স্থান সংরক্ষণ করা প্রয়োজন। এতে করে পরবর্তী প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে। রিট আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানি শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (মঙ্গলবার) রিট আবেদনকারী দুই বিশিষ্ট ব্যক্তি আদালতে বক্তব্য রেখেছেন। অ্যাটর্নি জেনারেলও বক্তব্য রেখেছেন। আদালত রিট আবেদনদটির ওপর বুধবার রায় দেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৯০০ঘ.