ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে মঙ্গলবার সকালে গণপূর্ত মন্ত্রণালয়ের এক কর্মচারী খুন হয়েছেন।
পূর্ব শত্রুতার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা।
নিহত রাকিবুল ইসলাম মুকুল ওরফে ইউসুফ (৩৫) গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের ড্রাফটসম্যান ছিলেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ৮টার দিকে পূর্ব মনিপুরে ওই হত্যাকাণ্ড ঘটে।
রাকিবুল পূর্ব মনিপুরের ১২৫৪ নম্বর বাড়িতে থাকতেন।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে ওসি নাজিম বলেন, "বাড়ি থেকে বেরিয়ে অফিস যাওয়ার সময় খুন হন রাকিবুল। কয়েকজন যুবক রাকিবুলকে রাস্তা থেকে ডেকে একটু আড়ালে নিয়ে যায়। এরপর হত্যা করা হয় তাকে।"
রাকিবুলের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি জানান।
তিনি বলেন, "সম্ভবত পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।"
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৩০০ ঘ.
bdnews24