২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

সোমবার সন্ধ্যায় রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু'জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে ঢাকায় সাতজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন। এর মধ্যে গত ১ ও ২ জুলাই পুরনো ঢাকায় মা ও ছেলে এবং মগবাজারে গৃহিনী ও কাজের মেয়ে ছেড়া তারে জড়িয়ে প্রাণ হারান। সোমবার নিহতরা হলেন- রাজমিস্ত্রী আরিফ হোসেন (২৬) ও তার সহকারী লাবলু (২০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 04:31 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার সন্ধ্যায় রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু'জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে ঢাকায় সাতজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন। এর মধ্যে গত ১ ও ২ জুলাই পুরনো ঢাকায় মা ও ছেলে এবং মগবাজারে গৃহিনী ও কাজের মেয়ে ছেড়া তারে জড়িয়ে প্রাণ হারান। সোমবার নিহতরা হলেন- রাজমিস্ত্রী আরিফ হোসেন (২৬) ও তার সহকারী লাবলু (২০)। ধানমণ্ডির একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঠিক কীভাবে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ধানমণ্ডি থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহমান রাতে বলেন, "আমরা ঘটনাটা জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে।" আমাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, রাত পৌনে ৮টার দিকে কয়েকজন নির্মাণ শ্রমিক ওই দু'জনকে ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত আরিফের ফুফা নির্মাণ শ্রমিক বিশু জানান, ধানমণ্ডি ১৪ নম্বর সড়কের শেষ প্রান্তের নির্মাণাধীন একটি ৯ তলা ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় আরিফ ও লাবলু। ছেড়া তারের বিষয়টি কী তা স্পষ্ট করে জানা যায়নি। এর আগে গত ১ জুলাই লালবাগের নাজিমউদ্দিন রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়। এর ২৪ ঘণ্টার ব্যবধানে মগবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহকত্রী ও গৃহকর্মীর মৃত্যু হয়। সেদিনই কাজ করার সময় কদমতলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়। ওই ঘটনায় আরও দু' শ্রমিক আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/প্রতিনিধি/এসকে/২২৩১ঘ.