২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোমরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি আবার বন্ধ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি আবার বন্ধ হয়ে গেছে। ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সোমবার থেকে ধর্মঘট শুরু করায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ঘোজাডাঙ্গা সিএণ্ডএফ এজেন্ট ও ট্রাক চালকদের মধ্যে সংঘর্ষের জের ধরে বুধবার আমদানি-রপ্তানি এক দফা বন্ধ হয়ে গিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 10:08 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

সাতক্ষীরা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি আবার বন্ধ হয়ে গেছে। ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সোমবার থেকে ধর্মঘট শুরু করায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ঘোজাডাঙ্গা সিএণ্ডএফ এজেন্ট ও ট্রাক চালকদের মধ্যে সংঘর্ষের জের ধরে বুধবার আমদানি-রপ্তানি এক দফা বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় তিনদিন বন্ধ থাকার কারণে পণ্যবাহী বেশ কিছু ট্রাক আটকা পড়ে। এ সব পণ্য খালাসের জন্য শনি ও রোববার কাজ করতে রাজি হয় সিঅ্যান্ডএফ এজেন্টরা। কিন্তু সিঅ্যান্ডএফ এজেন্টদের দাবি না মানায় তারা সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দেলোয়ার রাজু। তিনি জানান, রোববার ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অচিন্ত কুমার ভোমরা সিএণ্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে ধর্মঘট সফল করতে তাদের সহযোগিতা চেয়েছেন। আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার মহিউদ্দীন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরোধ নিরসনের জন্য সোমবার সকালে ভারতীয় কর্তৃপক্ষ ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট ও ট্রাকচালকদের সঙ্গে আলোচনায় বসেছে বলে তারা শুনেছেন। বুধবার সকালে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সিএণ্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক সদস্যের অফিসের সামনে ট্রাক রাখাকে কেন্দ্র করে ট্রাক চালকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘোজাডাঙ্গা সিএণ্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ভোলানাথ ঘোষ, মোসলেম আলী, বিদ্যুৎ গাজী ও প্রশান্ত ব্যানার্জীসহ পাঁচজন আহত হন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬১৪ ঘ.