ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাতীয় জাদুঘরের তিনটি গ্যালারি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাদুঘরের ৩৮, ৩৯ ও ৪০ এই তিনটি গ্যালারি বন্ধ থাকবে বলে রোববার তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রোববার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রতিফলনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই তিনটি গ্যালারিতে খুব শিগগিরই মুক্তিযুদ্ধের সঠিক ও বস্তুনিষ্ঠ ইতিহাস ও স্মৃতি স্থাপন করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24