২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা থেকে অপহৃত তিন ব্যবসায়ী চাঁদপুরে উদ্ধার, গ্রেপ্তার ৫

ঢাকা থেকে অপহৃত তিন ব্যবসায়ীকে শনিবার সন্ধ্যায় চাঁদপুরের কচুয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ব্যবসায়ীরা হলেন- আব্দুল মান্নান শেখ (৩৭), মো. ফারুক শেখ (৩৬) ও মো. মহিউদ্দিন শেখ (৪০)। এরা তিনজনই পিরোজপুরের বাসিন্দা। ব্যবসার কাজে তারা ঢাকায় গিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

চাঁদপুর, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা থেকে অপহৃত তিন ব্যবসায়ীকে শনিবার সন্ধ্যায় চাঁদপুরের কচুয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ব্যবসায়ীরা হলেন- আব্দুল মান্নান শেখ (৩৭), মো. ফারুক শেখ (৩৬) ও মো. মহিউদ্দিন শেখ (৪০)। এরা তিনজনই পিরোজপুরের বাসিন্দা। ব্যবসার কাজে তারা ঢাকায় গিয়েছিলেন। অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। এর হলেন- মোস্তফা (৪০), সহিদ উল্যাহ (৫০), মনির (৩০), সাঈদ আহমেদ (৩৭) ও মানিক (২৮)। অভিযানে নেতৃত্ব দেওয়া চাঁদপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ঢাকায় দিয়ে এ তিন ব্যবসায়ী বাড্ডায় তাদের এক আত্মীয়ের বাসা ওঠেন। সংঘবদ্ধ অপহরণকারীরা তাদের ওপর নজর রাখতে শুরু করে এবং কৌশলে বাড্ডা এলাকার একটি বাণিজ্যিক ভবনে ডেকে নিয়ে তাদের অপহরণ করে। পরে মুক্তিপণ হিসেবে ৪০ লাখ টাকা চায়। ওইদিন ব্যবসায়ীদের আত্মীয়স্বজন ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে অবহিত করে। এসআই হুমায়ুন আরও জানান, শনিবার ডিবি পুলিশের এক সোর্স ছদ্মবেশে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণের টাকা পৌঁছে দেওয়ার কথা জানায়। অপহরণকারীরা তাকে চাঁদপুরের কচুয়া উপজেলায় হোটেল রিজিক-এ যেতে বলে। সে অনুযায়ী গোয়েন্দা পুলিশের একটি দল ছদ্মবেশে হোটেলের আশপাশে অবস্থান নেয়। পরে হোটেলের একটি কক্ষ থেকে এক ব্যবসায়ী এবং পাঁচ অপহরণকারীকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী অপর দু'ব্যবসায়ীকে কচুয়ার পপুলার লাইফ ইন্স্যুরেন্স কার্যালয় ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.