২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে আরও দুই জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত

দেশে আরও দুই জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) তাদের শনাক্ত করেছে। আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরও দুই জন সোইয়ান ফ্লুতে আক্রান্ত হওয়ার বিষয় নিশ্চিত হওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 11:44 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে আরও দুই জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) তাদের শনাক্ত করেছে। আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরও দুই জন সোইয়ান ফ্লুতে আক্রান্ত হওয়ার বিষয় নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত ১৮ জনের সন্ধান পাওয়া গেল। এর মধ্যে ১০ জন বিদেশে এ ভাইরাসে আক্রান্ত হয়। বাকি ৮ জনের দেহে এর সংক্রমণ ঘটে দেশের ভেতরেই। তিনি আরও জানান, নতুন আক্রান্ত দুই জনের দেহে দেশের ভেতরেই ভাইরাসের সংক্রমণ ঘটেছে। বিদেশ থেকে আসা আক্রান্তদের ঘনিষ্ঠজন এরা। এদের বয়স ২০-২২ বছর। এদের মধ্যে একজন নারী, অপরজন পুরুষ। তারা ঢাকায় আছেন। এইচ১এন১ ভাইরাস আক্রান্তদের মধ্যে ৮ জন সুস্থ হয়েছেন জানিয়ে ডা. মাহমুদুর বলেন, বাকি ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে তাদেরকে আলাদা করে রাখা হচ্ছে। চিকিৎসা চলছে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে। তিনি জানান, যারা সুস্থ হয়েছেন তাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতারও উন্নতি হয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে সোয়াইন ফ্লু আক্রান্তদের চিকিৎসার বিশেষ ব্যবস্থা নেওয়া হলেও তাদেরকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়ার বিষয়ে তিনি বলেন, তাদের দেহে রোগের লক্ষণ সামান্য। কয়েকজন সুস্থ হয়ে উঠছেন। সবারই অবস্থার উন্নতি হচ্ছে। শ্বাস কষ্টের কারণে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হলেই রোগীদের হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত ১৯ জুন দেশে প্রথম সোয়াইন ফ্লু রোগী শনাক্ত করার কথা জানায়। যুক্তরাষ্ট্র থেকে আসা এক জনের দেহে সোয়াইন ফ্লু ভাইরাস পাওযা যায়। সোয়াইন ফ্লু প্রতিরোধে দেশের তিনটি বিমানবন্দর (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট), দুটি সমুদ্রবন্দর (চট্টগ্রাম ও মংলা) এবং ১১টি স্থলবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ হিসেবে, বিশ্বের ১২৫টি দেশ ও অঞ্চলে সোয়াইন ফ্লু-তে আক্রান্তের সংখ্যা ৮৯ হাজারেরও বেশি। এতে মারা গেছেন ৩৮২ জন। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১৭০ জন। প্রথম উপদ্রুত দেশ মেক্সিকোতে মারা যায় ১১৯ জন। গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ এ রোগের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এইচ১এন১ নামের এ ভাইরাস ছড়ায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। যত্রতত্র কফ, থুথু না ফেলা ও সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এজে/এইচএ/১৭৫২ ঘ.