২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে আবারও সমালোচনার মুখে টেসকো

ঢাকার আশুলিয়ায় গত সপ্তায় পোশাক শ্রমিকদের তিনদিনের বিক্ষোভ-সংঘাতের পরিপ্রেক্ষিতে আবারও সমালোচনার মুখে পড়েছে যুক্তরাজ্যে বাংলাদেশে তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা টেসকো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 10:59 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আশুলিয়ায় গত সপ্তায় পোশাক শ্রমিকদের তিনদিনের বিক্ষোভ-সংঘাতের পরিপ্রেক্ষিতে আবারও সমালোচনার মুখে পড়েছে যুক্তরাজ্যে বাংলাদেশে তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা টেসকো। দুই শ্রমিকের মৃত্যু এবং একটি কারখানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় ব্রিটিশ কোম্পানিটির যেখান থেকে কিনছে, সেই বাংলাদেশের কারখানাগুলোর 'পরিস্থিতি' নিয়ে মূলত এ সমালোচনা হচ্ছে। উন্নয়নশীল দেশের কারখানাগুলোতে কাজের পরিবেশ নিয়ে পশ্চিমের অনেক বড় বড় ক্রেতা প্রতিষ্ঠানের মতো টেসকোও নিয়মিত সমালোচনার মুখে পড়ে আসছে। যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবী সংগঠন 'ওয়ার অন ওয়ান্ট' জানিয়েছে, বাংলাদেশের পোশাক ক্রেতা কোম্পানিগুলোর অন্যতম প্রতিষ্ঠান টেসকো 'এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ' নামের এমন একটি চুক্তি স্বাক্ষর করেছে যাতে ক্রেতাকে গার্মেন্ট শ্রমিকদের জীবিকা নির্বাহে পর্যাপ্ত বেতন-ভাতা দেওয়ার অঙ্গীকার রয়েছে। একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনটি এ সপ্তাহে তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশে কর্মচারীরা সপ্তাহে ৮০ ঘণ্টা পর্যন্ত শ্রম দিয়ে টেসকোর জন্য পোশাক তৈরি করছে। বিনিময়ে তারা মাসে পাচ্ছেন মাত্র ১,৬৬৩ টাকা (১৪ পাউন্ড) করে। সংগঠনটি বলছে, এক্ষেত্রে প্রত্যেক শ্রমিকের ৫,৩৩৩ টাকা (৪৪ দশমিক ৮২ পাউন্ড) পাওয়া দরকার। শুক্রবার টেসকোর বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য রেকর্ড ৩০০ কোটি পাউন্ড লাভ ঘোষণা করা হয়েছে। গত ২৮-৩০ জুন আশুলিয়া শিল্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হাজার হাজার বিক্ষুব্ধ গার্মেন্ট শ্রমিকের ওই সংঘর্ষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএএইচ/এজে/এমআই/১৭০০ ঘ.